জুয়ার আসর থেকে তুরাগে ঝাঁপ, এক দিন পর ভেসে উঠল মরদেহ

গাজীপুরে তুরাগ নদে নৌকায় জুয়ার আসর থেকে ঝাঁপ দেওয়া মোয়াজ্জেম হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে মহানগরীর কড্ডা এলাকায় তুরাগ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তুরাগ নদের কাউলতিয়া, কারখানা বাজার, কড্ডাসহ আশপাশের এলাকায় বেশ কিছুদিন ধরে একটি চক্র নৌকায় বসে জুয়া ও মাদকের আসর চালিয়ে আসছে। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালালেও নদীতে অবস্থান করায় তাদের আটক করা সম্ভব হয়নি। গত বুধবার রাতে মোয়াজ্জেম হোসেনসহ ৪-৫ জন তুরাগ নদে একটি ট্রলারে বসে জুয়ার আসর জমায়। এ সময় অপর একটি ট্রলার তাদের কাছে এলে পুলিশ ভেবে তারা নদে ঝাঁপ দেন। পরে তিনজন তীরে উঠতে পারলেও মোয়াজ্জেম নিখোঁজ হন।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসকে জানানো হলে বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদে উদ্ধার অভিযান চালায়। দিনভর অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। শুক্রবার ভোরে কড্ডা এলাকায় নদে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মোয়াজ্জেম হোসেনের চাচাতো ভাই দেলোয়ার হোসেন দাবি করেন, মোয়াজ্জেমসহ ৪-৫ জন ট্রলারে বসে ছিলেন। এ সময় ৫-৬ জন লোক এসে তাদের ট্রলার থেকে নেমে আসতে বলেন। নেমে না এলে গুলি করার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ভয়ে তারা নদে ঝাঁপ দেন। তিনজন তীরে উঠতে পারলেও মোয়াজ্জেম নিখোঁজ হন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ওই দিন ঘটনাস্থলে পুলিশের কোনো অভিযান চালানো হয়নি। ধারণা করা হচ্ছে, তারা জুয়ার জমায় এবং পুলিশের ভয়ে নদে ঝাঁপ দেন। তিনজন তীরে উঠতে পারলেও মোয়াজ্জেম উঠতে পারেননি। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, তিনি ভালো সাঁতার জানতেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
source: Asia Post







