News

আজ অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়নে আজ অনুষ্ঠিত হচ্ছে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশ নেবেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলন শুরু হবে।

Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

জানা গেছে, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান বাড়ানো, শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন আনা এবং প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতি সঞ্চার করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়টিও সম্মিলনে গুরুত্ব পাবে।

আরো পড়ুন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত বৃহৎ অংশীজনদের এ সম্মিলন জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়াবে। একই সঙ্গে ভবিষ্যৎ শিক্ষাপরিকল্পনা বাস্তবায়নেও এটি ভূমিকা রাখবে।

source: Asia Post

Back to top button