News

আমি ব্যালটে থাকলে হারতাম না— মধ্যবর্তী নির্বাচন নিয়ে ফের বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের দায় নিজের কাঁধে নিতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং তিনি আবারও দাবি করেছেন, নির্বাচনের ব্যালটে তার নাম না থাকার কারণেই দলের প্রার্থীরা হেরে গেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ট্রাম্প বলেন, ‘আমি ব্যালটে ছিলাম না। আশা করি, আপনারা বিষয়টি মনে রাখবেন।’

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট— দুই কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাম্পের নিজেকে নিয়ে এমন গর্ব নতুন নয়। ভোটের ফলাফল ঘোষণার পরপরও তিনি বলেছিলেন, তার নাম ব্যালটে থাকলে ফলাফল অন্যরকম হতো।

শুক্রবারের সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, নির্বাচনে যারা ভালো করেছে, তাদের নিয়ে বিশ্বও সন্তুষ্ট নয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বিপুল সম্পদ ও বিনিয়োগ নিয়ে আসার কৃতিত্ব দাবি করেন তিনি। তবে মূল্যস্ফীতি ২০২৫ সালে ক্ষমতা গ্রহণের সময়ের তুলনায় বেড়ে যাওয়ার বিষয়টি তার বক্তব্যে উঠে আসেনি।

রিপাবলিকানদের পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ভোটারদের মনে হয়েছে, তার দল তার সঙ্গে যথাযথ আচরণ করেনি। কারণ, তিনি যেসব পদক্ষেপ বা উদ্যোগ বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেগুলো কংগ্রেসে পাস করানো হয়নি। তার ভাষায়, ‘আমি যদি ব্যালটে থাকতাম, তাহলে পুরো গল্পটাই অন্য রকম হতো।’

মধ্যবর্তী নির্বাচনের আগেও একই যুক্তি সামনে এনেছিলেন ট্রাম্প। তখন তিনি ভোটারদের বলেছিলেন, তাকে যেন ব্যালটে থাকা প্রার্থী হিসেবেই বিবেচনা করে ভোট দেওয়া হয়। অর্থাৎ নির্বাচনকে নিজের নেতৃত্বের ওপর গণভোট হিসেবে তুলে ধরেছিলেন তিনি।

নির্বাচনে ফল বিপর্যয়ের পর এখন ট্রাম্প বলছেন, তিনি ব্যালটে না থাকায় ভোটারদের কাছে তার জনপ্রিয়তার প্রকৃত প্রতিফলন ঘটেনি। নির্বাচনের পরও তিনি প্রার্থী বাছাই ও দলের কয়েকজন নেতার সঙ্গে মতপার্থক্যকে পরাজয়ের কারণ হিসেবে তুলে ধরেছিলেন।

এবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের নিয়ন্ত্রণ হারাতে হচ্ছে। ফলে ট্রাম্পের বাকি মেয়াদে আইন প্রণয়ন ও প্রশাসনিক কর্মসূচি বাস্তবায়নে বিরোধী দলের বাধার মুখে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বাজেট, অভিবাসন, অর্থনীতি ও পররাষ্ট্রনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা ছাড়া এগোনো কঠিন হতে পারে।

source: Rajneete

Back to top button