সাভারে সাড়ে ৮ ঘণ্টা পর নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া এক শিশুকে জীবিত বাঁচাতে গিয়ে দেয়াল ধসে নিহত পোশাকশ্রমিক মো. ছকিনুর ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার দরগার পাড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, মঙ্গলবার বিকেলে মধ্য গাজীরচট এলাকায় একটি পুকুরের পাশে থাকা পরিত্যক্ত সেপটিক ট্যাংকের জমে থাকা পানিতে ছিপ দিয়ে মাছ ধরছিল শিশু শাহিন। একপর্যায়ে সে অসাবধানতাবশত ট্যাংকের ভেতর পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে ছকিনুর ইসলাম তাৎক্ষণিকভাবে সেখানে নেমে পড়েন এবং শিশুটিকে অক্ষত অবস্থায় ওপরে তুলে দেন। তবে তিনি নিজে উঠে আসার আগেই জরাজীর্ণ সেপটিক ট্যাংকের দেয়াল, পিলার ও পাড়ের মাটি ধসে তার ওপর পড়ে। এতে তিনি ধ্বংসস্তূপের নিচে তলিয়ে যান।
খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে জিরাবো ফায়ার সার্ভিস। তবে সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা অতিরিক্ত ঘন বর্জ্য, পানি এবং ভারী দেয়াল ও পিলারের কারণে উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। উদ্ধারকাজে ব্যবহৃত পাম্পে ময়লা আটকে যাওয়ায় পানি নিষ্কাশন করতে দীর্ঘ সময় লাগে।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, দেয়াল ও পিলারের নিচে পুরো শরীর চাপা পড়ে থাকায় উদ্ধারকাজ পরিচালনা করতে বেশ বেগ পেতে হয়েছে। দীর্ঘ সাড়ে আট ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে রাত সাড়ে ১১টায় ধ্বংসস্তূপ থেকে ছকিনুরের মরদেহ বের করে করা হয়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত শ্রমিকের মরদেহ আশুলিয়া থানার এসআই ওয়াসিমের কাছে হস্তান্তর করেন।
নিহত ছকিনুর ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ থানার ছিট রাজীব গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাটিং বান্ডেলম্যান হিসেবে কর্মরত ছিলেন। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
source: Asia Post








