প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নিতেই দেশে ফিরছেন জামায়াত আমির?
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পর জাতীয় ঐক্য গঠনে এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অংশ নিতে মালয়েশিয়া সফর বাতিল করে অস্ট্রেলিয়া থেকে সরাসরি দেশে ফিরছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তবে সরকারের পক্ষ থেকে জামায়াতকে এখনও আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। দলের কয়েকটি সূত্র এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছে।
জামায়াত জানিয়েছে, গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। প্রথমে অস্ট্রেলিয়া গিয়ে দেশটির সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তিনি। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তার মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও আকস্মিক সফরটি বাতিল করে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি। আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) তিনি দেশে পৌঁছাবেন বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।
এদিন বিকালের দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় এক দিনের সফরটি স্থগিত করেছে তিনি।
জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, আগামী ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বিরোধীদলীয় নেতা দেশের বাইরে থাকায় সরকারের সঙ্গে সংলাপে বসার তারিখ নির্ধারণ করতে অসুবিধা হচ্ছে। সরকারের পক্ষ থেকে ঘন ঘন যোগাযোগ করা হচ্ছে। এই অবস্থায় নির্ধারিত মালয়েশিয়া সফর বাতিল করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন দলের আমির। দেশে ফিরলেই সরকারের সঙ্গে বসার সময় নির্ধারণ করা হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে জামায়াত আমির জরুরিভাবে দেশে আসছেন কি না, এমন প্রশ্নের জবাবে জামায়াতের মুখপাত্র ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এশিয়া পোস্টকে বলেন, প্রধানমন্ত্রী বা বিএনপির পক্ষ থেকে অফিশিয়ালি আমাদের কিছু জানানো হয়নি। আনঅফিশিয়ালি হয়তো কেউ কেউ যোগাযোগ করে থাকতে পারে। ফলে সংলাপের জন্য কোনো তারিখ নির্ধারিত হয়নি। আমিরে জামায়াত দেশে ফিরছেন কারণ এই মুহূর্তে তার দেশে থাকা বেশি প্রয়োজন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন আরও বলেন, প্রধানমন্ত্রীকে আমাদের পরামর্শ ছিল যেন জুলাইয়ের সব দলকে একসঙ্গে ডাকা হয়। এখন আলাদা আলাদা করে উনারা ডাকবে মনে হচ্ছে। এ ক্ষেত্রে আমাদের অবস্থানটা কী হবে, এটা আমরা আলোচনা করে নির্ধারণ করব। আমিরে জামায়াত বুধবার দেশে ফেরার পর সংলাপের সময়সহ সবকিছু চূড়ান্ত করা হবে।
এদিকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ এশিয়া পোস্টকে বলেন, সরকারের পক্ষ থেকে না জানানো পর্যন্ত এই ব্যাপারে আমরা কিছু বলতে পারছি না। সরকার সর্বদলীয় করবে নাকি একা সংলাপ করবে, নাকি করবে না, এসব নিয়ে কিছু জানায়নি।
এর আগে গত ১৮ নভেম্বর মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে একান্ত বৈঠকে মিলিত হয়েছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।
বৈঠকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে একত্র হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যের ভিত্তিতে কাজ করার বিষয়েও তারা একমত হন।
বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় তুলে ধরেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জামায়াতের একাধিক সংসদ সদস্য জানিয়েছে, এ সময় প্রধানমন্ত্রীকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
পরে সংসদ অধিবেশনে সমাপনী বক্তব্যে আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করার আহ্বান জানান। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন তিনি। একই আহ্বান প্রতিধ্বনিত হয় বিরোধীদলীয় নেতার কণ্ঠেও।
এরপর দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে সংসদ সদস্য আখতার হোসেন, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও আকরাম হুসাইন অংশ নেন।
source: Asia Post








