খুলনায় ভ্যানে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকে গুলি

খুলনার তেরখাদায় ভ্যানে বাড়ি ফেরার পথে মাফিক সরদার (৪০) নামের বিএনপির এক নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি গুলি তার কোমর, হাত ও পায়ে বিদ্ধ হয়েছে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাফিক সর্দার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।
আহত মাফিকের ভাই জানান, শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তার ভাই ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা চার থেকে পাঁচজন অস্ত্রধারী দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি গুলি তার শরীরে লাগে। গুলি ছুড়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরও জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, হামলাকারীরা মোকামপুর বাজারের ওপর দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মাফিকের স্বজনেরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, গুলির ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছে নেই। ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।
source: Asia Post








