১ ডিসেম্বর থেকে হুটার-হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ডিএমপির অভিযান

ঢাকা মহানগরীতে অননুমোদিত হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আগামী ১ ডিসেম্বর থেকে অভিযান চালাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানের আগে এসব অননুমোদিত সরঞ্জাম যানবাহন থেকে অপসারণের জন্য মালিক ও চালকদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর কিছু যানবাহনে অননুমোদিতভাবে হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন ও ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের ব্যবহার শব্দদূষণ বাড়ানোর পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি করছে। একই সঙ্গে সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটাচ্ছে।
এতে আরও বলা হয়, অতিরিক্ত শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ পরিস্থিতি বিবেচনায় আগামী ১ ডিসেম্বর থেকে এসব অননুমোদিত সরঞ্জাম সংযোজন ও ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযোজিত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
ডিএমপি কমিশনার বিজ্ঞপ্তিতে বলেন, ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ সংরক্ষণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। এ উদ্যোগ সফল করতে নগরবাসী, যানবাহনের মালিক, চালকসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
source: Asia Post







