News

‘ইউডিজেএফবি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেলেন এশিয়া পোস্টের লতিফুল

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) প্রদত্ত ‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্টের সিনিয়র রিপোর্টার লতিফুল ইসলাম। অনলাইন ও প্রিন্ট বিভাগে নগর সংস্থার অনিয়ম ও দুর্নীতি ক্যাটাগরিতে তাকে এ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরও চার সাংবাদিক এ সম্মাননা পেয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইউডিজেএফবি আয়োজিত ‘পরিকল্পিত ও টেকসই নগরায়ণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক নগর সংলাপ শেষে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের ‘ঢাকাই’ ম্যাগাজিনের ষষ্ঠ সংখ্যার মোড়কও উন্মোচন করা হয়।

লতিফুল ইসলাম ছাড়াও এবারের বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ডে নগর সংস্থার অনিয়ম ও দুর্নীতি ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পেয়েছেন কালের কণ্ঠের মো. জাহিদুল ইসলাম। এ ছাড়া নগর সংস্থার সেবা ও দুর্ভোগ ক্যাটাগরিতে ঢাকা মেইলের মোস্তাফিজুর রহমান, নগর পরিকল্পনা ক্যাটাগরিতে ডেইলি সানের রাশেদুল হাসান এবং টেলিভিশন বিভাগে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর গিয়াসউদ্দিন সজিব।

ইউডিজেএফবির সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইমনের সঞ্চালনায় সংলাপে বক্তারা বলেন, ‘নগর উন্নয়নের পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে উপেক্ষা করা হচ্ছে। কেন্দ্রীয় উন্নয়ন কর্তৃপক্ষের একক সিদ্ধান্ত, আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক দলীয়করণের কারণে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো কার্যকারিতা হারাচ্ছে। সিটি করপোরেশনকে শুধু ময়লা পরিষ্কার ও মশা নিধনের সংস্থায় পরিণত করা হচ্ছে। এতে নাগরিকদের অংশগ্রহণ কমার পাশাপাশি বাড়ছে অবকাঠামোগত সংকট ও নাগরিক দুর্ভোগ।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ মো. নূরুল্লাহ। তিনি বলেন, ‘১৯৬০ সালে দেশের মাত্র ৫ শতাংশ মানুষ শহরে বাস করলেও বর্তমানে নগর এলাকায় বসবাসকারীর হার প্রায় ৪২ দশমিক ৬ শতাংশ। অথচ দেশে ৫ হাজার ৪৭৯টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তদারকিতে স্থানীয় সরকার বিভাগের জনবল মাত্র ৯০ জন। পৌরসভাগুলোতেও অনুমোদিত পদের অর্ধেকের বেশি শূন্য থাকায় পরিকল্পিত নগরায়ণ বাধাগ্রস্ত হচ্ছে।’

এ সংকট নিরসনে তিনি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় ভৌত বা স্থানিক পরিকল্পনা কাউন্সিল গঠন, আধুনিক নগর ও গ্রাম পরিকল্পনা আইন প্রণয়ন এবং পরিকল্পনাবিদ ও জিআইএস বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পরিকল্পনা বিভাগ চালুর প্রস্তাব দেন তিনি।

ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় পার হলেও নগর ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। ২০২৬ সালের অক্সফোর্ড ইকোনমিকস গ্লোবাল সিটিজ র‍্যাংকিংয়ে বিশ্বের এক হাজার শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫৭৫তম, আর ময়মনসিংহের স্কোর ১০০-এর মধ্যে মাত্র ১৮ দশমিক ৭।’

তিনি অভিযোগ করেন, ‘আবাসিক এলাকায় আগে চার-পাঁচতলা ভবনের অনুমোদন থাকলেও উন্নয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ১৪ তলা ভবন নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে। অথচ পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন ও সড়ক অবকাঠামোর সক্ষমতা বাড়াতে সিটি করপোরেশনের সঙ্গে কোনো সমন্বয় করা হচ্ছে না।’

এ ছাড়া নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকায় পার্ক ও খেলার মাঠ দখল কিংবা সড়ক কাটাকাটির মতো সমস্যায় নাগরিকরা প্রতিকার পাচ্ছেন না বলে উল্লেখ করেন তিনি। এ জন্য প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন শ্রেণি-পেশার নির্দলীয় নাগরিকদের নিয়ে ১০-১২ সদস্যের ‘ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি’ গঠনের পাশাপাশি সিটি করপোরেশনকে অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়ের ক্ষমতা দেওয়ার দাবি জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, ‘মহাপরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়ের অভাব রয়েছে। শুধু মাস্টার প্ল্যান প্রণয়ন করলেই হবে না, তা বাস্তবায়নে ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা থাকতে হবে। শহরের সড়ক, ড্রেনেজ, ফুটপাত ও অন্যান্য অবকাঠামোর তথ্য মানচিত্র ও ডেটাবেজে সংরক্ষণ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।’

সংলাপে সমকালের বিশেষ প্রতিনিধি অমিতোষ পাল, দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার হেলিমুল আলম, ইউডিজেএফবির সাবেক সহসভাপতি খালিদ সাইফুল্লাহ ও সহসভাপতি ফয়সাল খান প্রমুখ বক্তব্য রাখেন।

source: Asia Post

Back to top button