News

ইতালির আয়রনম্যান খেতাব জয় করলেন বাংলাদেশের ইমতিয়াজ

বাংলাদেশের এন্ডুরেন্স স্পোর্টস অঙ্গনে যুক্ত হলো আরও এক নতুন গৌরবময় অধ্যায়। ইতালির চেরভিয়াতে অনুষ্ঠিত কঠিনতম পূর্ণাঙ্গ দূরত্বের ‘আয়রনম্যান ট্রায়াথলন’ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশের করপোরেট কর্মকর্তা মো. ইমতিয়াজ-বিন-ফারুক ভূঁইয়া।

গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই চ্যালেঞ্জিং প্রতিযোগিতায় তিনি ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ দশমিক ২ কিলোমিটার সাইক্লিং এবং ৪২ দশমিক ২ কিলোমিটারের পূর্ণাঙ্গ ম্যারাথন দৌড় সম্পন্ন করেন। তিন ধাপের এই সুবিশাল দূরত্ব অতিক্রম করতে তার মোট সময় লাগে ১৩ ঘণ্টা ৫৯ মিনিট ৫২ সেকেন্ড।

পেশাগত জীবনে ইমতিয়াজ ‘ফাইবার@হোম লিমিটেড’-এর ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে দায়িত্ব পালন করছেন। করপোরেট জীবনের ব্যস্ততার মাঝেও নিজেকে একজন আন্তর্জাতিক মানের এন্ডুরেন্স অ্যাথলিট হিসেবে গড়ে তুলেছেন তিনি। পূর্ণাঙ্গ দূরত্বের আয়রনম্যান খেতাব অর্জনের পাশাপাশি তিনি একজন আল্ট্রা-ম্যারাথন দৌড়বিদও।

চেরভিয়ার এই জয়ের পেছনে রয়েছে তার দীর্ঘদিনের ধারাবাহিক সাফল্য। ২০২৬ সালের জানুয়ারিতে তিনি ১৭ কিলোমিটার দৈর্ঘ্যের ‘বাংলা চ্যানেল’ এককভাবে সাঁতরে পার হন। এর আগে ২০২৫ সালের মে মাসে মালয়েশিয়ার দেসারু কোস্টে ‘আয়রনম্যান ৭০.৩’ সম্পন্ন করে বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট পান। পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বরে স্পেনের মার্বেয়ায় অনুষ্ঠিত ‘আয়রনম্যান ৭০.৩ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে’ মাত্র ৭ ঘণ্টা ৩১ মিনিটে দৌড় শেষ করে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েন।

চেরভিয়ার সফলতার পর ইমতিয়াজের চোখ এখন পরবর্তী বড় লক্ষ্যপূরণের দিকে। আগামী নভেম্বরে মালয়েশিয়ার লাংকাউইতে অনুষ্ঠেয় আরেকটি পূর্ণাঙ্গ দূরত্বের আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন তিনি।

source: Asia Post

Back to top button