News

‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা নেবে সরকার। একই সঙ্গে দেশের যেকোনো ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করার দৃঢ় ঘোষণা দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের এক গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত ও দিকনির্দেশনা উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই।

সভার সূত্রগুলো জানায়, ভারতে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার সাম্প্রতিক নানা গুঞ্জন ও আবেদন সংক্রান্ত খবর নিয়ে সভায় সংক্ষিপ্ত আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে স্পষ্ট প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনার ফেরাসহ যে কোনো বিষয়ে চুক্তি, প্রচলিত আইন, বিধি ও প্রতিষ্ঠিত প্রথা অনুসরণ করেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।

একই সঙ্গে দলীয় এমপিদের প্রতি কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বক্তব্য একেবারেই লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে এবং রাজপথেই সব ধরনের ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে’।

সংসদীয় সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে রাজপথের রাজনীতির পাশাপাশি স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়ন কাজ, দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি এবং আসন্ন রমজান মাস ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার বিষয় নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছ থেকে নিজ নিজ দপ্তরের সাম্প্রতিক কার্যক্রমের জবাব চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সভাকে অবহিত করেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথা জানান এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট-এনআইডির আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ সংক্রান্ত আবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিষয়টিকে চরম হাস্যকর বলে মন্তব্য করেন। তিনি স্পষ্ট করে বলেন, শেখ হাসিনার নতুন করে সাধারণ পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো আইনি সুযোগ নেই। তিনি যদি দেশে ফিরতেই চান, তার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি বলবৎ আছে, চাইলে ভারত সরকারকে সেই চুক্তির আওতেই তাকে হস্তান্তরের অনুরোধ জানানো যেতে পারে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও প্রেস ব্রিফিংয়ে জানান, আবেদনের খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন। আগামী ডিসেম্বরে তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হলেও বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে দেশে ফেরানোর প্রক্রিয়া কেবল আইনি ও প্রত্যর্পণ চুক্তির আওতেই পরিচালিত হবে।

source: Asia Post

Back to top button