News

গ্রেপ্তার ৪০ জনের কেউই শ্রমিক নন: ঢাকা ডিআইজি

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ৪০ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে গ্রেপ্তাররা কেউই শ্রমিক নন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ও আশুলিয়ার নরসিংহপুরে হামিম গ্রুপসহ বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এসময় ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। আন্দোলনের নামে কোনো বহিরাগত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে। প্রকৃত শ্রমিকদেরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অন্যদিকে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বোরখা পরিহিত ও হেলমেটধারী একটি গোষ্ঠী শ্রমিকদের উসকানি দিচ্ছে। কারা তাদের অর্থের জোগান দিচ্ছে, সে বিষয়েও পুলিশের কাছে তথ্য রয়েছে।

তিনি আরও বলেন, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং শ্রমিকরা স্বাভাবিক পরিবেশে কাজ করছেন। তবে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এসময় ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

source: Asia Post

Back to top button