হাসিনাকে ফেরানোর গোপন তৎপরতায় যুক্ত খুবি শিক্ষকদের খুঁজতে কমিটি

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপন তৎপরতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কোনো শিক্ষক জড়িত আছেন কি না—তা অনুসন্ধানে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের খবর থেকে জানা গেছে—শেখ হাসিনাকে দেশে ফেরাতে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক একটি গোপন অপতৎপরতায় যুক্ত হয়েছেন। এই সংবাদের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক এমন কোনো অপতৎপরতায় জড়িত আছেন কি না, তা সুষ্ঠুভাবে অনুসন্ধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই তদন্ত কমিটি গঠন করা হলো।
গঠিত কমিটিতে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল আলমকে সভাপতি এবং ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীনকে সদস্য-সচিব করা হয়েছে। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন—শিক্ষা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক, আইন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসিফ আহসান এবং সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. শেখ শারাফাত হোসেন।
অফিস আদেশে তদন্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট বিস্তারিত প্রতিবেদন দাখিল করার অনুরোধ জানানো হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচর্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করীম এশিয়া পোস্টকে বলেন বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই আওয়ামী তৎপড়তা সনাক্ত করার জন্য কমিটি করা আছে। তারা তাদের কাজ করছে। কিন্তু সুনির্দিষ্টভাবে আমরা এশিয়াপোষ্ট অনলাইন পোর্টালে দেখলাম দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক হাসিনাকে ফেরাতে গোপন তৎপড়তা শুরু করেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক জড়িত কি না এটা জানার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারণ বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে তৎপড়তা চালাতে দেয়া হবে না।
source: Asia Post







