News

‘গণঅভ্যুত্থান সফল হলেও অসমাপ্ত বিপ্লব পূর্ণ করতে হবে’

জুলাই গণঅভ্যুত্থান রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করলেও সমাজ ও সংস্কৃতির কাঙ্ক্ষিত রূপান্তর এখনো সম্পূর্ণভাবে অর্জিত হয়নি। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সংস্কৃতিমনস্ক রাষ্ট্র গঠনে সাংস্কৃতিক চর্চা, মুক্তবুদ্ধির বিকাশ এবং নাগরিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করতে হবে।

রোববার (২ জুলাই)জুলাই গণঅভ্যুত্থানে ১৪৪ ধারা উপেক্ষা করে এক দফার সমর্থনে সমাবেশ ও গণমিছিল করা রাজপথের সংগঠন বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।

তারা বলেন, গণঅভ্যুত্থান সফল হলেও বিপ্লব এখনো অপূর্ণ। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার বিপরীতে হাঁটলে বিপর্যয় অনিবার্য। অনৈক্য, বিভাজন ও সংশয় দূর করে বাংলাদেশপন্থার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তাদের মতে, রাজনৈতিকভাবে ফ্যাসিবাদ পরাজিত হলেও আধিপত্যবাদী সাংস্কৃতিক গোষ্ঠী এখনো সক্রিয়। তাই জুলাই গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন।

‘সমাজ ও সংস্কৃতি বদলের ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সাহিত্য, সংস্কৃতি, গণআন্দোলন ও নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাইয়ের শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি এবং বাবা শাহরিয়ার খান পলাশ। সংগঠনের মুখপাত্র কবি ইমরান মাহফুজের সঞ্চালনায় বক্তব্য দেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, জাতিসংঘের সিভিল সোসাইটি প্রতিনিধি ড. আবুল কাশেম শেখ, সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান, লেখক ও চিন্তক ড. কাজল রশীদ শহীদ, প্রকাশক সৈয়দ জাকির হোসেন এবং কবি ও জুলাই সংগঠক বোরহান মাহমুদ। সমাপনী বক্তব্য দেন বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কবি আবিদ আজম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সাইয়েদ জামিল, কবি তানজীনা ফেরদৌস, কবি আহমেদ ইসহাক, জুলাইয়ে আহত সমন্বয়ক ও কবি ইব্রাহীম নীরব, শেরিফ ফারুকী, ফারুক খান, সুজন হাসান, রেজাউল করিম শেখ, রাসেল খান, কবি নোমান সাদিক, ফারহানা সাদিকা, আরিফুর রহমান সবুজ ও মোশফেকা জাহান সালমাসহ শিল্প-সাহিত্য অঙ্গনের তরুণ ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চার মাধ্যমে বৈষম্যহীন, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে বিকেলে রাজধানীর বাংলামোটরে জুলাই গণহত্যার বিচার দাবিতে গণসমাবেশের আয়োজন করে বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ। সমাবেশে সাংবাদিক সাইদ আহমেদ, বোরহান মাহমুদ, আমিনা রুমিয়া, ইমরান মাহফুজ, আ. ফ. ম. মশিউর রহমান, তানজীনা ফেরদৌস, ইব্রাহীম নীরব, তানজিম তানিম, আহমেদ ইসহাক ও মাহমুদুল হক জালীসসহ অনেকে অংশ নেন।

source: Asia Post

Back to top button