যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় বন্দুক হামলা: হামলাকারীসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি শপিংমলের রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারীসহ অন্তত ৩ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১ জুলাই) বিকেলে টুইন ফলস শহরের ওই শপিংমলের জনপ্রিয় ‘ইন-অ্যান্ড-আউট বার্গার’ রেস্তোরাঁয় এই রক্তক্ষয়ী ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মলের ‘ড্রাইভ-থ্রু’ এলাকা থেকে এআর-১৫ (AR-style) সেমি-অটোমেটিক রাইফেল হাতে এক ব্যক্তিকে বের হয়ে আসতে দেখা যায়। এর কিছুক্ষণ পরেই শপিংমলের ভেতরের রেস্তোরাঁ থেকে পরপর গুলির শব্দ ভেসে আসে এবং উপস্থিত ক্রেতাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার সুনির্দিষ্ট কারণ বা ঘাতকের উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ।
টুইন ফলস শহরের মুখপাত্র জশ পামার জানান, খবর পেয়েই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। বর্তমানে তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি খতিয়ে দেখছেন।
এদিকে ঘটনার পর পরেই আইডাহোর সিনেটর মাইক ক্রাপো দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
source: Rajneete







