৪৯তম বিসিএস/ষষ্ঠ স্থানে থেকে করছিলেন পোস্টিংয়ের চিন্তা, গেজেটে নাম না আসায় সব স্বপ্নভঙ্গ

হেলেনা মুসরাত জাহান রজনী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী। মনোবিজ্ঞান বিভাগ থেকে ৪৯তম বিশেষ বিসিএসে ষষ্ঠ স্থান অর্জন করেন তিনি। চূড়ান্ত গেজেট প্রকাশের দিন নিজের পোস্টিং কোথায় হবে, কবে চাকরিতে যোগ দেবেন এসব ভাবছিলেন। কিন্তু গেজেটে নিজের নাম দেখতে না পেয়ে মুহূর্তেই সব স্বপ্ন ভেঙে যায়।
এ বিষয়ে এশিয়া পোস্টের সঙ্গে কথা বলেন হেলেনা মুসরাত জাহান রজনী। তিনি জানান, মনোবিজ্ঞান বিভাগ থেকে ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলে তিনি ষষ্ঠ স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত চূড়ান্ত গেজেটে বিভাগের ১০ জনের মধ্যে ৯ জনের নাম থাকলেও তার নাম নেই। তালিকায় পঞ্চম ও সপ্তম স্থান অধিকারীর নাম থাকলেও ষষ্ঠ স্থানে থাকা তার নাম বাদ পড়ায় বিষয়টি তাকে গভীরভাবে আঘাত করেছে।
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত গেজেটে ৬৬৮ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর মধ্যে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে স্থান পায়নি।
হেলেনা মুসরাত জাহান রজনী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
তিনি জানান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে এসব কর্মকাণ্ডের কারণে তার নাম বাদ পড়তে পারে এমন কোনো আশঙ্কা তার ছিল না। তার দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের পদধারী বা সমর্থক হিসেবেও যুক্ত ছিলেন না। গেজেটে নাম না থাকার নির্দিষ্ট কোনো কারণও তিনি এখন পর্যন্ত জানেন না।
রজনী বলেন, ‘গেজেট প্রকাশের পরে পরিবারের কারও সঙ্গে কথা বলতে পারিনি। পরিবারের আর্থিক ও মানসিক অবস্থাও ভালো ছিল না। এমন পরিস্থিতিতে দীর্ঘ অপেক্ষার পর যখন নিয়োগের আশা তৈরি হয়েছিল।, তখন গেজেটে নাম না থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়।’
এর আগে গেজেট প্রকাশ নিয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক বক্তব্য আসায় তিনি সরকারকে ধন্যবাদ জানান।
source: Asia Post







