News

মেহেদির পসরা সাজিয়ে চলছে কোহিনুরের জীবনযুদ্ধ

রাজধানীর ধানমন্ডি লেকের পাশে মেহেদি বেটে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন কোহিনুর নামে এক শারীরিক প্রতিবন্ধী নারী। প্রতিটি মেহেদি বিক্রি করছেন ৫০ টাকা করে। একসময় ভিক্ষা করলেও এখন কারও কাছে হাত না পেতে নিজের পরিশ্রমে বাঁচার চেষ্টা করছেন তিনি।

কোহিনুর জানান, একসময় ভিক্ষা করেই চলতে হতো তাকে। পরিবারের সদস্যরা পাশে না থাকায় এবং অবহেলার শিকার হয়ে একপর্যায়ে সিদ্ধান্ত নেন, আর ভিক্ষা করবেন না। জমানো কিছু টাকা দিয়ে শুরু করেন মেহেদি বেটে বিক্রির কাজ।

বর্তমানে ধানমন্ডি লেকের পাশে বসে প্রতিদিন মেহেদি বিক্রি করছেন তিনি। স্থানীয় কয়েকজনের সহযোগিতায় সেখানে বসার সুযোগ পেয়েছেন। অল্প আয় হলেও নিজের উপার্জনে চলতে পারায় সন্তুষ্ট কোহিনুর।

মেহেদির পাতা ছড়াচ্ছেন কোহিনুর। ছবি: এশিয়া পোস্ট
মেহেদির পাতা ছড়াচ্ছেন কোহিনুর। ছবি: এশিয়া পোস্ট

তবে এই জীবনও তার জন্য সহজ নয়। পায়ে সমস্যা থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না তিনি। থাকার নির্দিষ্ট কোনো জায়গাও নেই। রোদ-বৃষ্টি মাথায় নিয়েই লেকের আশপাশে দিন কাটে তার। কখনো কখনো পুলিশ এসে তাকে সেখান থেকে উঠিয়ে দেয় বলেও জানান তিনি।

কোহিনুর বলেন, আমার পরিবার আমার পাশে থাকেনি। পরিবারের কেউ আমাকে ভালো চোখে দেখেনি। আমি যদি ভালো কিছু করতে পারতাম, তাহলে হয়ত তারা আমাকে অন্যভাবে দেখত। এখানে কাজ করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়। তবে ভিক্ষা করে নয়, নিজের পরিশ্রমে বেঁচে থাকতে চাই।

কোহিনুরের দাবি, তার মতো অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের জন্য সরকার যেন কর্মসংস্থান ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে। যাতে তাদের ভিক্ষার ওপর নির্ভর করতে না হয় এবং সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন।

ভিক্ষা থেকে মেহেদি বিক্রির এই যাত্রায় কিছুটা স্বাবলম্বী হলেও কোহিনুরের জীবনযুদ্ধ এখনো শেষ হয়নি। নিজের একটি নিরাপদ আশ্রয় ও স্থায়ীভাবে কাজ করার সুযোগ— এখন এটাই তার সবচেয়ে বড় প্রত্যাশা।

source: Asia Post

Back to top button