News

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে রাজপথে নামা পোশাকশ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর ১০ মেট্রো স্টেশনের নিচে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, আগুন নেভাতে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

এদিকে পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় দুপুর ১২টার পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল থেকে মিরপুর-১০ গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে মিরপুর-১০ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ গোলচত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কেও যানজট সৃষ্টি হয়।

একপর্যায়ে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এদিকে শ্রমিকদের অবস্থানের কারণে মিরপুর-১০সহ আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে।

source: Asia Post

Back to top button