News

উসকানি উপেক্ষা করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতা বাবুলের

বহিরাগতদের উসকানি উপেক্ষা করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শ্রমিকদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।

এর আগে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাবুল আখতার বলেন, আগামী জানুয়ারি মাস থেকেই শ্রমিকেরা যেন বর্ধিত মজুরি পান, সে লক্ষ্য নিয়ে মজুরি বোর্ডে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব হবে না।

এদিকে পোশাকশিল্পের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শ্রমিকদের এখন আর কোনো আন্দোলন বা ধর্মঘট চলছে না। তাদের দাবি ছিল মজুরি বোর্ড গঠনের, সেটি গঠন করা হয়েছে। যারা এখন সহিংস আন্দোলন করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন।

তিনি বলেন, মজুরি বোর্ডের জন্য শ্রমিকরা কখনো সড়ক-মহামসড়ক অবরোধ করেনি। আমরা দেখেছি মুখোশধারী যারা গ্রেপ্তার হয়েছে, তারা ওখানে রাজনৈতিক স্লোগান দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনে যেসব শ্রমিক গ্রেপ্তার হয়েছেন, তাদের দ্রুতই মুক্তির ব্যবস্থা করা হবে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ গার্মেন্টস শিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শ্রমিক নেতারা নিজেদের বিভিন্ন দাবি বৈঠকে তুলে ধরেছেন বলে জানা গেছে।

এর আগে বেলা ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাকশিল্প মালিকদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন জানান, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, যাতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ হয়। তাদের জীবন মানের উন্নতি হয় এবং তাদের সমস্ত বিষয় বিবেচনা রেখে অত্যন্ত সহানুভূতির সঙ্গে সে বিষয়টি (ন্যূনতম মজুরি) নির্ধারিত হয়। এটা উভয়পক্ষের আলোচনার মাধ্যমে বাস্তবতার নিরিখে নির্ধারিত হবে।

source: Asia Post

Back to top button