News

শিগগিরই বাজারে আসছে টেসলার ‘রোবোট্যাক্সি’ সাইবারক্যাব

উবার ও ওয়েমোর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে তাদের স্বচালিত রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ শিগগিরই বাজারে আনার ইঙ্গিত দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা।

নিউইয়র্ক থেকে এএফপি জানায়, ইলন মাস্ক প্রতিষ্ঠিত কোম্পানিটি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রচারণামূলক ছবি প্রকাশ করে। এতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় একটি আয়োজনে সাইবারক্যাবে বিশেষ প্রবেশাধিকার পাওয়ার সুযোগের কথা জানানো হয়।

কোম্পানিটি তাদের ওয়েবসাইটে আয়োজিত লটারিতে অংশ নিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ জেতার প্রচারণা চালিয়ে বলেছে, ‘অস্টিনে আমাদের সাইবারক্যাব রোবোট্যাক্সির উদ্বোধন উদযাপন করছি—আর আপনিও সেখানে থাকতে পারেন।’

২০২৪ সালের অক্টোবরে প্রথমবার উন্মোচিত সোনালি রঙের এই গাড়িতে দুইজন যাত্রী বসতে পারবেন। এটি টেসলার প্রথম গাড়ি, যাতে কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই।

সে সময় মাস্ক বলেছিলেন, কোম্পানিটি ২০২৭ সালের আগেই স্বচালিত এসব গাড়ির উৎপাদন শুরু করার পরিকল্পনা করছে এবং ব্যক্তিগত ক্রেতাদের কাছে ৩০ হাজার ডলারের কম দামে গাড়িগুলো বিক্রি করবে।

মার্কিন প্রযুক্তিবিষয়ক প্রকাশনা দ্য ইনফরমেশন চলতি সপ্তাহে জানিয়েছে, টেসলার কর্মীদের বলা হয়েছে যে প্রথমে জনসাধারণের চলাচলের রাস্তায় কর্মীদের জন্য সাইবারক্যাবের যাত্রা শুরু হবে। এরপর গাড়িগুলোকে অস্টিনে টেসলার রোবোট্যাক্সি সেবার বহরে যুক্ত করা হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে টেসলার ভক্তরা বেশ কয়েকটি পার্কিং এলাকায় বিপুলসংখ্যক সাইবারক্যাব দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। এতে গাড়িটির উদ্বোধন আসন্ন—এমন গুঞ্জন আরও জোরালো হয়েছে।

গত বছর টেসলা অস্টিনে তাদের মডেল ওয়াই এসইউভি ব্যবহার করে স্বচালিত গাড়ি চালু করে। পরে ‘রোবোট্যাক্সি’ সেবাটি ধীরে ধীরে টেক্সাস, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ার আরও কয়েকটি শহরে সম্প্রসারিত হয়।

তবে অঙ্গরাজ্যগুলোর আইনে অনেক গাড়িতে প্রয়োজনের সময় নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একজন মানব তত্ত্বাবধায়ক বা চালক প্রস্তুত রাখার বাধ্যবাধকতা রয়েছে।

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের স্বচালিত গাড়ি বিষয়ক সহযোগী প্রতিষ্ঠান ওয়েমো বর্তমানে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে তাদের সেবা পরিচালনা করছে।

source: Asia Post

Back to top button