সাভারে পার্কিংয়ে থাকা বাসে আগুন, চেকপোস্টে পেট্রোল বোমা নিক্ষেপ

সাভারের বলিয়ারপুরে শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া মহাসড়কের সিএমবি এলাকায় পুলিশ চেকপোস্ট বক্স লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনে বলিয়ারপুর যমুনা ন্যাচারাল পার্ক সংলগ্ন শ্যামলী পরিবহনের গ্যারেজের বাইরে রাখা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বাসে আগুনের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল ইমরান জানান, ডিপোর বাইরে পার্কিংয়ে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এর আগে শনিবার রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএমবি এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বিপরীত পাশে অবস্থিত একটি পুলিশ চেকপোস্ট বক্স লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় ওই বক্সে কোনো পুলিশ সদস্য অবস্থান না করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ সদস্যরা বক্সের বিপরীত পাশেই দায়িত্ব পালন করছিলেন।
আশুলিয়ার নবীনগর স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। এতে কেউ হতাহত হননি।
source: Asia Post








