News

আরও শক্তিশালী রূপে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে?

আরও শক্তিশালী রূপে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’। এগিয়ে যাচ্ছে ভারতের অন্ধ্র প্রদেশের দিকে। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকলেও বাংলাদেশে তেমন প্রভাব পড়বে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়াও অর্ণবের কারণে ঝড়ো হাওয়া এবং বৃষ্টিতে দেশে তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার (২৮ অক্টোবর) দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় অর্ণব। এর সরাসরি বড় ধরনের প্রভাব বাংলাদেশে পড়ার আশঙ্কা না থাকলেও দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তির ১২ নম্বর বুলেটিনে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৩০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৯৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

source: Asia Post

Back to top button