যেভাবে উদ্ধার হয় জার্মান পর্যটকের ল্যাপটপ, এখনও পাননি ক্যামেরা

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের ল্যাপটপ ও ক্যামেরা চুরির ঘটনার পাঁচ দিন পর শুধু ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাতে ল্যাপটপটি অন হলে ট্র্যাকিং করে নাটোর শহরের কাপড়িয়া পট্টি এলাকার একটি কাপড়ের দোকান থেকে উদ্ধার করা হয়। তবে একইসঙ্গে চুরি যাওয়া ক্যামেরা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অন্তর নামে এক যুবক ও তারা বাবা অমল সাহাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
রোববার রাতে নাটোর সদর থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার শরীফুল হক।
ট্রেনের নিচে ল্যাপটপ পান ব্যবসায়ী অমল সাহা
পুলিশ সুপার জানান, গত ৮ অক্টোবর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার পথে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার ব্যবসায়ী অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সিটের নিচে ব্যাগটি পান। পরে তিনি ব্যাগটি নিয়ে নওগাঁ চলে যান। ব্যাগ খুলে ল্যাপটপ দেখতে পান। পরে সংবাদমাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ চুরির খবর জানতে পেরে অমল কুমার সাহা তার ছেলে কাপুরিয়াপট্টির নূর ক্লথ স্টোরের কর্মচারী অন্তরকে বিষয়টি জানান। ছেলে অন্তর বাবাকে জানান বিষয়টি পরে দেখা যাবে।
পুলিশ সুপার বলেন, আজ (রোববার) তাঁরা (পিতা-পুত্র) নওগাঁ থেকে নাটোরে এসে পৌঁছালে আমরা ম্যাকবুকের লোকেশন শহরের মধ্যে পাই। লোকেশন ট্র্যাক করে কাপুড়িয়াপট্টি এলাকা ঘিরে ফেলে নূর ক্লথ স্টোরের সামনে থাকা অমল সাহার ছেলে অন্তরের থেকে পুলিশ ল্যাপটপটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, বর্তমানে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের (বাবা-ছেলে) হেফাজতে নেওয়া হয়েছে। তারা ল্যাপটপটি পাওয়ার বিষয়ে যে দাবি করছে তার সত্যতা যাচাই করা হচ্ছে। তারা এ ঘটনায় সম্পৃক্ত না থাকলে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে।
সেই যুবক অধরা
পুলিশ সুপার বলেন, যে যুবক ব্যাগটি নিয়েছিলেন বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাকে আমরা খুঁজে পাইনি। তাকে ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে। তাকে পেলে ক্যামেরা পাওয়া যাবে।
তিনি বলেন, ল্যাপটপ উদ্ধারের বিষয়টি ক্রিল ল্যান্ডার উইবারকে জানানো হয়েছে। এতে তিনি পুলিশ ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। ল্যাপটপটি যে তার, তা তিনি নিশ্চিত করেছেন। ওনার অন্যান্য যে মালামাল রয়েছে সেগুলোও উদ্ধার আমরা কাজ করছি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এর আগে গত বুধবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে টাকা তুলতে যান জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবার। তবে টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তিকে আর পাননি তিনি। পরে জানতে পারেন, তিনি রেলওয়ের কর্মকর্তা নন।
এ ঘটনায় নাটোর সদর থানায় একটি অভিযোগ করেন তিনি। অভিযোগের ভিত্তিতে হারানো ব্যাগটি উদ্ধারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
source: Asia Post







