স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। এই নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।
চিফ হুইপ বলেন, সভায় স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে সঠিক প্রার্থী নির্বাচনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দলীয় প্রতীকে নির্বাচন না হলেও প্রতি ইউনিয়নে একক প্রার্থী দেবে বিএনপি।
তিনি আরও বলেন, যেহেতু বিএনপি একটি বড় দল এবং তৃণমূল পর্যন্ত আমাদের সংগঠন বিস্তৃত, তাই দল থেকে যাতে স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়া যায়, আমরা সেই চেষ্টা করব। তবে দলীয় প্রতীকে এ বছর নির্বাচন হবে না, এটি আগে ছিল।
প্রার্থীদে বিষয়ে তিনি বলেন, আমরা চাই ঐক্যবদ্ধভাবে ও উৎসবমুখবর পরিবেশে যাতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে এই নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব করতে পারে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য, এমন ব্যক্তিরাই যাতে বেরিয়ে আসেন।
এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যদি কেউ যায়, তবে সে বিষয়ে দল সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি।
চিফ হুইপ বলেন, শৃঙ্খলার বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। কোনোভাবেই চাঁদাবাজ-দখলদারদের বরদাশত করা হবে না, চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে জায়গা নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, একই সঙ্গে সব এমপির সুশৃঙ্খল থাকার নির্দেশনাও দিয়েছেন সরকারপ্রধান। পাশাপাশি দুর্গাপূজায় কোথাও যাতে সমস্যা না হয়, সে বিষয়ে আলোচনা হয়েছে এবং দুর্গাপূজায় সংসদ সদস্যদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।
source: Asia Post







