ঘুষ দেওয়ার চেষ্টা, ১০০ ইনসুলিন সিরিঞ্জসহ চীনা যাত্রী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিয়াং ঝাওজুন নামের এক চীনা নারী যাত্রীর শরীর তল্লাশি করে ২ লাখ ২০ হাজার টাকা দামের ১০০ পিস ইনসুলিন সিরিঞ্জ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাকে আটক করেন আনসার সদস্যরা।
জানা গেছে, তল্লাশি এড়াতে ওই যাত্রী ঘুষের প্রস্তাব দেন। তবে তা প্রত্যাখ্যান করেন নারী আনসার সদস্য তাছলিমা আক্তার।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিমানবন্দরের ৪ নম্বর হেভি লাগেজ গেটে তার দেহ তল্লাশির সময় এ ঘটনা ঘটে।
রোববার মধ্যরাতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব।
তিনি বলেন, ওই যাত্রীর ঢিলেঢালা পোশাক দেখে সন্দেহ হয় দায়িত্বে থাকা নারী আনসার সদস্য তাছলিমা আক্তারের। পরে তল্লাশির সময় বাধা দিয়ে পার পাওয়ার চেষ্টা করেন ওই যাত্রী। একপর্যায়ে ৫০০ টাকার কয়েকটি নোট দিয়ে ঘুষের প্রলোভন দেখান তিনি। তবে তাতে সাড়া না দিয়ে তল্লাশি চালিয়ে যান তাছলিমা।
তিনি আরও বলেন, তল্লাশিতে ওই যাত্রীর শরীরে বিশেষ কৌশলে লুকানো ১০০ পিস ইনসুলিন সিরিঞ্জ পাওয়া যায়। জব্দ করা সিরিঞ্জের মোট ওজন ৫০০ গ্রাম। প্রতিটি সিরিঞ্জের আনুমানিক দাম ২ হাজার ২০০ টাকা।
সাকিব বলেন, ঘটনার পর শিফটের দায়িত্বে থাকা থানা প্রশিক্ষক ওমর ফারুককে বিষয়টি জানান সংশ্লিষ্ট আনসার সদস্য। পরে তিনি বিমানবন্দর এভসেক কর্তৃপক্ষকে অবহিত করেন। এভসেক কর্তৃপক্ষের নির্দেশনায় আটক যাত্রী ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
source: Asia Post







