রংপুরে নকল সার ও কীটনাশক তৈরির গোডাউনে অভিযান

রংপুরের পীরগঞ্জে নকল সার, কীটনাশক ও গোখাদ্য (গরুর ভূষি) তৈরির অভিযোগে একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ইটের গুঁড়া, মাটি, কাঠের গুঁড়াসহ বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের খালি মোড়ক এবং নকল সার ও ভূষি তৈরির বিপুল উপকরণ উদ্ধার করা হয়।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার রামনাথপুর ইউনিয়নের কালসার ডারা বাজারে ‘মেসার্স মোখলেছুর ট্রেডার্স’-এর গোডাউনে এ অভিযান পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাইদুল ইসলাম বাবু।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, সহকারী পুলিশ সুপার রাসেল রানা, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাজুল ইসলাম এবং উপসহকারী কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অভিযানসূত্রে জানা গেছে, গোডাউনটিতে বিভিন্ন নামিদামি কোম্পানির বিপুলসংখ্যক খালি মোড়কের পাশাপাশি ১ হাজার ১০০ বস্তারও বেশি ভেজাল উপকরণ পাওয়া গেছে। এসব উপকরণের মধ্যে রয়েছে মাটিভর্তি বস্তা, ডিমের খোসা, ভুট্টার ছোলা, ইটের গুঁড়া, ধানের কুঁড়া, চুন ও ময়দা। এসব উপকরণ দিয়ে দীর্ঘদিন ধরে নকল সার, কীটনাশক ও গরুর ভূষি তৈরি করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, অভিযানে পাওয়া নমুনাগুলো রাসায়নিক পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে নকল পণ্যই তৈরি করা হতো।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ইটের গুঁড়া, মাটি, কাঠের গুঁড়াসহ বিভিন্ন ব্র্যান্ডের খালি প্যাকেট ও ভেজাল উপকরণ পাওয়া গেছে। প্রাথমিকভাবে গোডাউনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং তালাবদ্ধ করে রাখার জন্য স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উদ্ধারকৃত নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
source: Asia Post







