News

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণে ২ বাংলাদেশি নিহত, নিখোঁজ ১১

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১১ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।

স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্রের বরাতে জানানো হয়েছে, বিস্ফোরণে নিহত দুজন বাংলাদেশি। তবে তারা প্রবাসী কর্মী নাকি ওমরাহযাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ৪১ জন বাংলাদেশি ওমরাহযাত্রীর একটি দল রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার জন্য বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তথ্যের বরাতে দাবি করা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে এ বিস্ফোরণ ঘটে। এতে একাধিক ব্যক্তি হতাহত হন এবং বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঘটনার পর বিমানবন্দরের স্পর্শকাতর এলাকাগুলো থেকে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ দূতাবাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিখোঁজ বাংলাদেশিদের সন্ধানে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

source: Asia Post

Back to top button