নারায়ণগঞ্জে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যুবককে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, রাসেল এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘারমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে।
পরিবারের অভিযোগ, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি রাসেলকে বাড়ির সামনে থেকে তুলে পাশের একটি বাঁশবাগানে নিয়ে যান। সেখানে তাকে মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান তারা। পরে আশপাশের লোকজন রাসেলকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহত রাসেল এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। কয়েক দিন আগে তিনি একটি মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত হন।
ওসি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
source: Asia Post







