News

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখ ৩২ হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী পাঠানো হয়েছে বলে জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে। এর মধ্যে ৩৬ হাজার ৫৯০ জন নারী কর্মী রয়েছেন।

একই সময়ে দেশে ২৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাস আয় এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার বেশি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ১ম বৈঠকে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে প্রবাসী কর্মীরা বিমানবন্দরে পৌঁছানোর পর কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার যেন না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখার সুপারিশ করা হয়েছে।

কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, মো. জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম বৈঠকে অংশ নেন।

মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে কোনো অনিয়ম, দুর্নীতি ও ব্যত্যয় যাতে না ঘটে, সে জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে জানানো হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ জন শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মপরিধি ও বাজেট বরাদ্দ পর্যালোচনা করা হয়।

এ ছাড়া বৈঠকে জানানো হয়, সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্ট ও বোয়েসেল (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড)-এর মাধ্যমে বিদেশে কর্মী পাঠানো হয়। বর্তমানে দেশে রিক্রুটিং এজেন্সির মোট সংখ্যা ২ হাজার ৮৬০টি; যার মধ্যে সচল রয়েছে ২ হাজার ১৮৭টি।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরপ্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

source: Asia Post

Back to top button