News

মুখ্যমন্ত্রীর কাছে জমি উপহার চাইলেন ঋষভ পন্ত

নিজ রাজ্য উত্তরাখণ্ডে বাড়ি করতে চান ভারতের তারকা ব্যাটার ঋষভ পন্ত। কিন্তু তিন বছর ধরে চেষ্টা করেও জমি না পাওয়ায় এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সহায়তা চেয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দীর্ঘ একটি পোস্ট করেন পন্ত। সেখানে তিনি জানান, দিল্লি থেকে নিজের আবাস উত্তরাখণ্ডে সরিয়ে নিতে চান। তবে পছন্দমতো জমি খুঁজে পাওয়া এবং সেটি কেনার প্রক্রিয়া তার জন্য কঠিন হয়ে উঠেছে।

পন্তের সেই দীর্ঘ এক্স পোস্ট।
পন্তের সেই দীর্ঘ এক্স পোস্ট।

পন্তের দাবি, জমি কেনার নিয়মে স্বচ্ছতার অভাব রয়েছে। রাজ্যের প্রচারে যুক্ত থাকার সুবাদে আগে যে জমি পাওয়ার কথা ছিল, সেটিও পাননি তিনি। তাই উত্তরাখণ্ডে ফিরে স্থানীয় মানুষের পাশে দাঁড়ানো এবং নিজের প্রথম বাড়ি নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান এই ক্রিকেটার।

কিছুক্ষণ পর আরেকটি পোস্টে পন্ত জানান, আন্তর্জাতিক পর্যায়ে রাজ্যের প্রতিনিধিত্বের স্বীকৃতি হিসেবে জমি উপহার পেলে তার ভালো লাগবে। তবে উপহার না পেলেও সরকারি দামে জমি কিনতে প্রস্তুত তিনি।

পন্ত লিখেছেন, ‘উপহার পেলে ভালো লাগবে। তবে অনুমতি দিলে আমি সরকারের কাছ থেকে সরকারি দরেই জমি কিনতে চাই। নিজের রাজ্যে অন্তত প্রথম বাড়িটি নির্মাণ করতে চাই।’

পোস্টের পরবর্তী অংশ।
পোস্টের পরবর্তী অংশ।

মধ্যরাতে এমন আবেদন দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাড়াহুড়োয় লেখা পোস্টে বেশ কিছু বানান ও ব্যাকরণগত ভুল থাকায় সেটি নিয়েও সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়।

ইংল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের সিরিজে ছিলেন না পন্ত। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।

source: Asia Post

Back to top button