News

ইরান যুদ্ধসহ সামরিক অভিযান বৈধ, অভিশংসনের উদ্যোগ রাজনৈতিক প্রহসন: হেগসেথ

ইরান যুদ্ধসহ সব ধরনের সামরিক অভিযানকে আইনিভাবে বৈধ বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পাশাপাশি নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিশংসন প্রস্তাবকে ‘রাজনৈতিক প্রহসন’, ‘নাশকতা’ ও ব্যক্তিগত আক্রোশের বহির্প্রকাশ বলে আখ্যা দিয়েছেন তিনি। অভিশংসনের প্রস্তাব উঠলেও পদত্যাগ করার কোনো ইঙ্গিত আসেনি তার পক্ষ থেকে।

মঙ্গলবার (১০ নভেম্বর) পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে অভিশংসন প্রস্তাবে আনা আটটি অভিযোগের জবাব দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তার দাবি, অভিযোগগুলোর সঙ্গে অভিশংসনযোগ্য অপরাধের সম্পর্ক নেই, বরং এগুলো ট্রাম্প প্রশাসনের সামরিক নীতির সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের বহির্প্রকাশ মাত্র।

এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য থমাস ম্যাসি সোমবার (৯ নভেম্বর) পিট হেগসেথের অভিশংসন প্রস্তাব উত্থাপন করেন। ইরান যুদ্ধসহ মোট আটটি অভিযোগ উত্থাপন করা হয়েছে প্রস্তাবে।

ওই প্রস্তাবের জবাব দিতেই প্রায় ছয় মাস পর পেন্টাগনে প্রথম সংবাদ সম্মেলন আয়োজন করেন হেগসেথ। বলেন, ম্যাসির উদ্যোগ কোনো জবাবদিহি প্রতিষ্ঠার চেষ্টা নয়। এটি অহংবোধ ও ক্ষোভ থেকে তৈরি ব্যক্তিগত ইশতেহার। তার ভাষায়, ‘নীতিগত মতপার্থক্যের যথাযথ সমাধান হলো আইন প্রণয়ন, বিতর্ক এবং পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন।’

যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাসে কোনো প্রতিরক্ষামন্ত্রী বৈধ সামরিক অভিযান পরিচালনার জন্য অভিশংসিত হননি দাবি করে ম্যাসির উদ্যোগও শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মন্তব্য করেন হেগসেথ।

‘ইরান যুদ্ধ ও সামরিক অভিযান বৈধ’

হেগসেথ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান তথা ইরান যুদ্ধকে বৈধ বলে দাবি করেছেন। তার বক্তব্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অভিযান পরিচালিত হয়েছে এবং এর উদ্দেশ্য ছিল ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়া। তিনি বলেন, যুদ্ধটি সঠিক কারণেই পরিচালিত হয়েছে। অভিযানের প্রতিটি পদক্ষেপের পক্ষে তিনি রয়েছেন এবং প্রয়োজনে আবারও একই সিদ্ধান্ত নেবেন।

ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বক্তব্যে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের ভূমিকার প্রসঙ্গ উঠে আসার বিষয়ে হেগসেথ বলেন, এই যুদ্ধ থেকে শিক্ষা নেওয়া হবে এবং সেই শিক্ষা ভবিষ্যতে কাজে লাগানো হবে।

তবে কংগ্রেসের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার অনুপস্থিতি এবং ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশনের ৬০ দিনের সময়সীমা লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তিনি কোনো বিস্তারিত আইনি ব্যাখ্যা দেননি। তার মূল যুক্তি ছিল, সামরিক অভিযানগুলো বৈধ ছিল এবং কংগ্রেসকে জানানো হয়েছিল।

‘বেসামরিক নাগরিকদের হামলার অভিযোগ মিথ্যা’

ইরানের মিনাব শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলায় শতাধিক শিশুসহ বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক নিহত হওয়ার অভিযোগের বিষয়ে হেগসেথ বলেন, মার্কিন সামরিক বাহিনী কখনো বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না। তিনি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগকে ‘মিথ্যা’ ও ‘মানহানিকর’ বলে অভিহিত করেন।

তবে মিনাবের স্কুলে ২৮ ফেব্রুয়ারির হামলার নির্দিষ্ট দায়, গোয়েন্দা তথ্যের ব্যর্থতা কিংবা পেন্টাগনের তদন্তের অগ্রগতি সম্পর্কে তার কোনো বিস্তারিত জবাব পাওয়া যায়নি। অর্থাৎ সামগ্রিকভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করলেও ইরানের ওই স্কুলে হামলার সুনির্দিষ্ট ঘটনাটির কোনো ব্যাখ্যা দেননি তিনি।

মাদকবাহী নৌযানে হামলায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার

সন্দেহভাজন মাদক পাচারকারীদের নৌযানে মার্কিন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলার অভিযোগও প্রত্যাখ্যান করেছেন হেগসেথ। বলেছেন, ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানগুলোতে হামলা বৈধ সামরিক অভিযান ছিল।

হেগসেথ বলেন, আমরা সন্ত্রাসী শাসনব্যবস্থার সক্ষমতা ধ্বংস করেছি, আমাদের জনগণের কাছে বিষ পৌঁছে দেওয়া নৌযানগুলো ডুবিয়েছি এবং একজন মাদক সম্রাটকে হাতকড়া পরিয়েছি।

এসব অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনাসদস্যদের যুদ্ধাপরাধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে পালটা অভিযোগ করেন হেগসেথ। বলেন, আজ প্রতিরক্ষামন্ত্রীকে বিচারের মুখোমুখি করলে আগামীকাল এসব নির্দেশ বাস্তবায়নকারী নারী-পুরুষ সেনাসদস্যদেরও বিচারের মুখোমুখি করা হবে। যোদ্ধাদের বিরুদ্ধে আসতে চাইলে আগে আমার মুখোমুখি হতে হবে।

তবে সন্দেহভাজন নৌযানগুলোতে হামলার পক্ষে কী ধরনের গোয়েন্দা তথ্য ছিল, নিহতদের সবাই মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন কি না কিংবা প্রথম হামলার পর বেঁচে যাওয়া ব্যক্তিদের ওপর দ্বিতীয় দফায় হামলার বৈধতা কী— এসব প্রশ্নের নির্দিষ্ট জবাব দেননি তিনি।

সিনেটর মার্ক কেলির বিরুদ্ধে ব্যবস্থা

অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলির বিরুদ্ধে পেন্টাগনের তদন্ত ও প্রতিশোধমূলক পদক্ষেপের অভিযোগেও হেগসেথের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তবে আইনপ্রণেতাদের এমন ভিডিও বার্তার প্রসঙ্গে তিনি কটাক্ষ করেন, যেখানে সামরিক বাহিনীর সদস্যদের বেআইনি নির্দেশ না মানার কথা বলা হয়েছিল। তিনি সিনেটরদের ওই ভিডিওগুলোকে বিদ্রূপাত্মকভাবে ‘কিউট ভিডিও’ বলে উল্লেখ করেন।

হেগসেথ বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে সামরিক বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের বিষয়টিকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কিন্তু কেলির বিরুদ্ধে তদন্তের সাংবিধানিক ভিত্তি কিংবা তার মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার অভিযোগের নির্দিষ্ট ব্যাখ্যা দেননি তিনি।

মাদুরোকে আটকের অভিযানও বৈধ দাবি

ভেনেজুয়েলার রাজধানীতে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনাকেও বৈধ বলে দাবি করেছেন হেগসেথ। তিনি বলেন, ইরান, ইয়েমেন, মাদকবাহী নৌযান ও ভেনেজুয়েলায় মাদুরোকে আটক করার অভিযান— সবই বৈধ ছিল। এসব অভিযান প্রেসিডেন্টের নির্দেশে শুরু হয়েছে, পরে তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সেগুলোর নির্দেশনা দিয়েছেন এবং কংগ্রেসকে অবহিত করা হয়েছে।

মাদুরোকে হাতকড়া পরানোর ঘটনাকে মার্কিন সামরিক বাহিনীর সাফল্য হিসেবে তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ। তবে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে আটক করার আন্তর্জাতিক আইনি ভিত্তি কিংবা কংগ্রেসের অনুমোদন ছাড়া এ ধরনের অভিযান পরিচালনার সাংবিধানিক বৈধতা নিয়ে বিস্তারিত যুক্তি দেননি।

কেবল অভিশংসন প্রস্তাব নয়, মধ্যবর্তী নির্বাচনের বিপর্যয়কর ফলাফলের পর হেগসেথের পদত্যাগ নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল। তবে সংবাদ সম্মেলনে পদত্যাগের কোনো ইঙ্গিতই দেননি তিনি। বরং ট্রাম্পের মেয়াদের শেষ পর্যন্ত প্রতিরক্ষা দপ্তরের নেতৃত্বে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ ছাড়া সংবাদ সম্মেলনে তিনি অন্তত ৩৫০ বিলিয়ন ডলারের অতিরিক্ত প্রতিরক্ষা তহবিল সংগ্রহকে অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।

সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই হেগসেথের পক্ষে আবারও নিজের সমর্থনের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি হেগসেথের সংবাদ সম্মেলনে আত্মপক্ষসমর্থনকে ‘এ প্লাস প্লাস প্লাস’ গ্রেড দেন। একই সঙ্গে ম্যাসিকে ‘পরাজিত, ক্ষুব্ধ ও হতাশ সাবেক কংগ্রেসম্যান’ বলে আক্রমণ করেন।

সূত্র: রয়টার্স, এপি, গার্ডিয়ান

source: Rajneete

Back to top button