‘প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রায়ই আলহামদুলিল্লাহ ও ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করেন’

বিএনপিকে ইসলামপ্রিয় ও মূল্যবোধে বিশ্বাসী দল আখ্যা দিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, এই দল আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর শক্তির ওপর বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রায়ই ‘আলহামদুলিল্লাহ’ ও ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহার করেন। এই দলকে সামনে নিয়ে যাওয়ার দায়িত্ব ইসলামপ্রিয় সকল মানুষের।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওলামা দল এবং বাংলাদেশের মুসলমান ও ইসলামপ্রিয় মানুষের প্রতি আহ্বান জানিয়ে চিফ হুইপ বলেন, তারা যেন দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের অবস্থান বিবেচনা করেন। বাংলাদেশের জাতীয় সংসদে আগে শেখ মুজিবের ছবি যেখানে ছিল, সেখানে প্রধানমন্ত্রী ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এবং ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা’ প্রতিষ্ঠার কথা বলেছেন।
তিনি জানান, সরকার সংবিধান সংশোধনের কাজ করছে এবং এর মাধ্যমে আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা, যা আগে সংবিধান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তা পুনঃস্থাপনের চেষ্টা করা হচ্ছে। আগামী সংসদ অধিবেশনে সংবিধান সংশোধনের সময় বিষয়টি প্রতিস্থাপিত হতে দেখা যাবে।
নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে একটি শক্তিশালী, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই লক্ষ্য।
কিছু মানুষ ধর্মের লেবাস ধরে অন্যদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে- অভিযোগ তুলে তিনি বলেন, তারা ছোটখাটো বিষয়কে বড় করে সামনে নিয়ে আসে এবং পরবর্তী সময়ে সেই বিষয় বা ভুল সিদ্ধান্তগুলোকে সামনে এনে প্রচার করার চেষ্টা করে। এ ধরনের প্রচারে বিভিন্ন পক্ষ গুপ্তবাহিনী ও বটবাহিনী ব্যবহার করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না বলে জানিয়ে তিনি বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দেশের স্থিতিশীলতা রক্ষায় অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার যেকোনো আইনসম্মত পদক্ষেপ নিতে বাধ্য হবে।
source: Asia Post






