News

শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন, আ.লীগ কর্মী লিটু গ্রেপ্তার

গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় লিটু শেখ (৩৯) নামে এক নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) শিবলী কায়েছ মীর এ তথ্য নিশ্চিত করেছেন।

লিটু শেখ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের লোনতলা এলাকার মৃত বাদশা শেখের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

থানা সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে এসআই আসাদুজ্জামান নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লিটু শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২২ সালে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পরিবারের দাবি, সোমবার রাখালবুরুজ ইউনিয়নের মাদারদহ পুঠিয়ার মাঠে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কর্তন ও দোয়া মাহফিলে অংশ নেওয়ায় লিটু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের রাজনীতি করলেও কখনো কোনো সহিংস কিংবা অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত ছিল না।

source: Asia Post

Back to top button