News

দেশের সব হাসপাতালের জন্য সুখবর

দেশের সব হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের কার্যক্রম গ্রহণের পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সংসদ ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এই বৈঠক কমিটির সদস্য ও মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত, মো. আব্দুস সালাম, আবু মনসুর সাখাওয়াত হাসান, ইকরামুল বারী টিপু, মো. আনোয়ারুল হক, শামীম আরা বেগম স্বপ্না, মো. আব্দুল বারী সরদার এবং মাহমুদা আলম মিতু অংশ নেন।

বৈঠকে বিভিন্ন প্রকার টিকার স্টকের বর্তমান অবস্থা, ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের সেবা, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, স্যাটেলাইট ক্লিনিক জোরদারকরণ সর্বোপরি চিকিৎসাব্যবস্থার মানোন্নয়নের প্রতি অধিক সচেতন থাকার জন্য সুপারিশ করেছে কমিটি।

এ ছাড়া বৈঠকে দুর্নীতিমুক্ত ও ফ্যাসিস্টদের কার্যক্রমের প্রতি সজাগ থাকা এবং হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের কার্যক্রম গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিধি বৃদ্ধি, জেলা সদর হাসপাতালে আইসিইউ, ডায়ালাইসিস সেন্টার, ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের কার্যক্রম অব্যাহত আছে মর্মে বৈঠকে অবহিত করা হয়।

বৈঠকে আলোচনাকালে জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, পুষ্টি গবেষণা, হাসপাতাল ও ঔষধালয়ের ব্যবস্থাপনা, শিশুদের সুচিকিৎসার জন্য ‘শিশু স্বর্গ’ নামক স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের পাশাপাশি চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, সৌরবিদ্যুৎ ব্যবহার, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বশস্ত্র আনসার মোতায়েন এবং হেলথ কার্ড প্রদানের কার্যক্রম অব্যাহত আছে মর্মে অবহিত করা হয়।

বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

source: Asia Post

Back to top button