দিল্লিতে সিজেপি প্রধান অভিজিৎ দীপকেসহ ৩ নেতা আটক, বিক্ষোভ ঘিরে ৬০০ গ্রেপ্তার

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রাজপথের এ কর্মসূচি ঠেকাতে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা বিধিনিষেধ ও ব্যাপক ধরপাকড় শুরু করেছে দিল্লি পুলিশ। শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (আইজিআই) থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই জ্যেষ্ঠ নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করেছে পুলিশ।
এ ছাড়া বিক্ষোভ রুখতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আরও অন্তত ৬০০ জনকে আটক করার পাশাপাশি মেট্রো ও ইন্টারনেট পরিষেবায় নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
দলের প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে দিল্লি যাওয়ার আগে অভিজিৎ দীপকে জানিয়েছিলেন, গ্রেপ্তার হলেও তিনি প্রস্তুত। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে এ বিক্ষোভের আয়োজন করার পরিকল্পনা করেছিল দলটি।
দীপকে অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তাব্যবস্থার বিধিনিষেধ ব্যবহার করে মানুষকে বিক্ষোভে যোগ দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছেন।
নিরাপত্তা বাহিনীর মোতায়েন এবং জনসাধারণের চলাচলে বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, সরকারের কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ জানানো তরুণ ও সাধারণ নাগরিকদের ভয় পাচ্ছে সরকার।
এদিকে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভের আগে ভারতের রাজধানীজুড়ে নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় অন্তত ৬০০ জনকে আটক করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। এ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সকাল ৬টা থেকে কঠোর ট্রাফিক বিধিনিষেধ কার্যকর করা হয়। দিল্লির বিভিন্ন স্থানে যান চলাচল নিয়ন্ত্রণে বিকল্প পথ নির্ধারণ করা হয়।
বিক্ষোভস্থলের আশপাশে যানবাহন তল্লাশি এবং মানুষের চলাচল পর্যবেক্ষণে ব্যারিকেড ও গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।
নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় মেট্রো চলাচলে বিধিনিষেধ, ট্রেন বাতিল এবং মোবাইল ইন্টারনেট সেবা স্থগিতের ঘটনাও ঘটেছে।
বিক্ষোভ ঘিরে এসব পদক্ষেপ এবং দলটির নেতাদের আটকের ঘটনায় দিল্লির রাজনৈতিক পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।
source: Rajneete







