News

ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে, তেলের দামও কমবে: ট্রাম্প

ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ হলে জ্বালানি তেলের দামও দ্রুত কমে আসবে বলে জানিয়েছেন তিনি।

আল জাজিরা জানাচ্ছে, আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয় এটি (ইরান যুদ্ধ) খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই এর সমাপ্তি ঘটবে। নির্বাচনকে জটিল করে তুলতেই তারা (ইরান) যতটা সম্ভব সময় ক্ষেপণ করার চেষ্টা করছে। তবে আমার মনে হয় জনগণ বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছে।’

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে উঠেছে এবং প্রতিদিনই দাম বাড়ছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘যখন যুদ্ধটা শেষ হয়ে যাবে, তখন তেলের দামও দ্রুত নেমে আসবে।’

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের কারণে দেশটিতে জ্বালানির দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির বিষয়টি নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এর ফলে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে ফল ভুগতে হতে পারে।

এদিকে গাজা ইস্যুতেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ও পদক্ষেপকে ‘চমৎকার’ বলে আখ্যায়িত করেন তিনি।

ইসরায়েলের ‘গণহত্যামূলক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সহায়তা দেওয়ার অভিযোগ নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে নিজের প্রশাসনের ভূমিকার পক্ষে সাফাই দেন ট্রাম্প। তিনি বলেন, ‘গাজার কথা যখন বলছেন—আমরা তো সেখানকার আগুন নিভিয়ে দিয়েছি এবং সব জিম্মিকে ফিরিয়ে এনেছি। এই মুহূর্তে গাজায় পরিস্থিতি অনেক শান্ত, তেমন কিছুই ঘটছে না।’

গাজায় মার্কিন তৎপরতার বিষয়ে আত্মতুষ্টি প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, ‘গাজার দিকে তাকালে দেখতে পাবেন, সেখানে এখন অনেক ইতিবাচক সম্পর্ক গড়ে উঠছে। পুরো প্রক্রিয়াটি বেশ চমৎকার ছিল। আমার মনে হয়, আমরা সত্যিই দারুণ কাজ করেছি।’

source: Rajneete

Back to top button