জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর শহরের একটি বাসা থেকে ইসরাত জাহান রিমা নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের দক্ষিণ কাচারীপাড়া এলাকার স্বপ্নপুরী আবাসিক এলাকার বকুল ভিলার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইসরাত জাহান রিমা মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এলাকার মো. রশিদুজ্জামান মন্ডলের মেয়ে। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালে মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর এলাকার জেবু তালুকদারের ছেলে শুভর সঙ্গে পারিবারের অমতে বিয়ে করেন রিমি। বিষয়টি জানাজানি হলেও ছেলের পরিবার সম্পর্ক মেনে নেয়নি বলে দাবি রিমির স্বজনদের।
রিমির পরিবারের সদস্যরা জানান, শুভকে তার পরিবার থেকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। এরপরও রিমি ও শুভর মধ্যে যোগাযোগ ছিল। তারা একসঙ্গে থাকতেন। শুভকে কম্বোডিয়ায় পাঠানো হলেও ভিসা-সংক্রান্ত জটিলতায় তিনি দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর রিমিরি সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল। গত সপ্তাহে তারা একসঙ্গে ছিলেন। কয়েকদিন ধরে রিমির সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ বলেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
source: Asia Post







