News

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১টা ৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের সিদ্ধান্তে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন আমীরুল ইসলাম এবং তাকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো। শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ওই দিন রাত ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তার অবস্থার কোনো উন্নতি হয়নি।

১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশু-কিশোরদের আনন্দ-বেদনা ও কল্পনার জগৎকে সহজ ও প্রাণবন্ত ভাষায় ফুটিয়ে তুলে বাংলা শিশুসাহিত্যে তিনি এক অনন্য অবস্থান তৈরি করেছিলেন। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি দুই শতাধিক গ্রন্থ রচনা করেছেন, যার সিংহভাগই শিশুসাহিত্যনির্ভর।

শিশুসাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ লাভ করেন। এ ছাড়া তিনি দেশ-বিদেশের বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।

সাহিত্যচর্চার পাশাপাশি আমীরুল ইসলাম দীর্ঘদিন চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা, নির্মাণ ও সাংস্কৃতিক কার্যক্রমে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তার প্রয়াণে চ্যানেল আই পরিবার, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনসহ শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন কালজয়ী শিশুসাহিত্যিক ও দক্ষ সংস্কৃতি কর্মী হিসেবে তিনি তার সৃষ্টির মাধ্যমে পাঠকদের হৃদয়ে অমর হয়ে থাকবেন।

(সূত্র: চ্যানেল আই অনলাইন)

source: Asia Post

Back to top button