আজ দেবীর বোধন, দুর্গোৎসব শুরু শুক্রবার

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেবী দুর্গার বোধন, দুর্গোৎসব শুরু হবে শুক্রবার। এই বোধনের মধ্য দিয়েই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।
আগামীকাল মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মূল দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা সাজানো, আলোকসজ্জা, ধূপ-ধুনো, ঢাক-ঢোল সব মিলিয়ে যেন এক ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনমেলা।
পূজা মণ্ডপগুলোতে আজ পঞ্চমী তিথিতে সন্ধ্যায় বেলশাখায় অনুষ্ঠিত হবে বোধন পূজা। বোধন শব্দের অর্থ জাগরণ বা চৈতন্যপ্রাপ্তি। বিভিন্ন পুরাণ অনুসারে, ভগবান রামচন্দ্র শরৎকালে রাক্ষসরাজ রাবণকে বধের উদ্দেশ্যে দুর্গাপূজা করেন। তিনি অকালে এ বোধন করেন বলেই এটি অকালবোধন নামে খ্যাত।
সাধারণত দেবী দুর্গার বোধন হয় ষষ্ঠীর সন্ধ্যায়। শাস্ত্র মতে, যদি ষষ্ঠীর উপযুক্ত সন্ধিকাল না পাওয়া যায়, তবে পঞ্চমীর দিন সন্ধ্যায়ই বোধন হতে পারে। বোধন শেষে কাল শুক্রবার দুর্গা দেবীর ষষ্ঠী বিহিত পূজা। পাঁচ দিনের এ উৎসব শেষ হবে আগামী ২০ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এবার দেবী দুর্গার আগমন হবে ঘোড়ায় চড়ে। আর দশমীতে দেবী মর্ত্যলোক ছাড়বেন নোৗকায় চড়ে।
এই বিশাল উৎসবের মাত্র দুদিন আগে প্রতিমা শিল্পী ও কারিগররা এখন প্রতিমায় শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন। হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার এ বছর নির্বাহী আদেশের মাধ্যমে দুর্গাপূজার ছুটি তিন দিন পর্যন্ত বর্ধিত করেছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গোৎসব আয়োজিত হচ্ছে। আগামী বুধবার (২০ অক্টোবর) বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৬ দিনব্যাপী এই আয়োজন।
শারদীয় দুর্গোৎসবকে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা ও বিশেষ পরামর্শ জারি করা হয়েছে। জরুরি সহায়তার জন্য পুলিশ ও ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষসহ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
source: Asia Post






