বাঁধনের ওপর হামলা, সংসদে ডেপুটি স্পিকারের ক্ষোভ

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর ইতালির ভেনিসে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, অভিনেত্রী বাঁধনের সঙ্গে যা হয়েছে তা নিন্দনীয় অপরাধ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রতিবাদ জানান।
এসময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এটা অত্যন্ত অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ। অপরাধের নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে।
এর আগে ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে হামলার শিকার হন অভিনেত্রী বাঁধন। ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানের সঙ্গে অবস্থানকালে তাদের ওপর হামলা চালানো হয়। ফেসবুক লাইভে এসে হামলার অভিযোগ করেন আজমেরী হক বাঁধন।
বাঁধন আরও বলেন, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে উল্লেখ করেন। জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়ার কারণে তিনি নিজেকে জুলাইযোদ্ধা মনে করেন বলেও জানান।
হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়েছিল দাবি করে বাঁধন বলেন, তারা তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলেছিল। এ সময় তারা ঘটনাটি লাইভও করেছিলেন।
source: Asia Post






