আগুনে ষষ্ঠ তলার সব দোকান পুড়ে গেছে: ফায়ার সার্ভিস

রাজধানী পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে লাগা আগুনে ষষ্ঠ তলার সব দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মাহমুদুল হাসান।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ভবনটির আগুন নিয়ন্ত্রণ নিয়ে দেওয়া প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মাহমুদুল হাসান বলেন, আগুন নিয়ন্ত্রণে দশটি ইউনিট কাজ করেছে। বিকেল ৫টার পর খবর পেয়ে ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়।
আগুন নিয়ন্ত্রণে প্রচুর বেগে পেতে হয়েছে জানিয়ে তিনি বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। কোনো হতাহতের খবর মেলেনি। তবে ছয়তলার সব দোকান পুড়ে গেছে।
ভবনের ভেতর ধোঁয়ায় দুজন ফায়ার ফাইটার অসুস্থ হয়েছেন বলে জানান ফায়ার সার্ভিসের এই পরিচালক। তিনি বলেন, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিকেল ৫টা ২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশের মনজুর খান প্লাজার বহুতল ভবনের ছয়তলায় অবস্থিত একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে বিকেল ৫টা ৪ মিনিটে নিকটস্থ ফায়ার স্টেশন থেকে গাড়িগুলো টার্ন আউট করে। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হওয়ায় ট্রাফিক ও সরু গলি পেরিয়ে বিকাল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন নির্বাপণ শুরু করে। পরে রাত সাড়ে ১১টা থেকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
source: Asia Post







