News

অতিরিক্ত তেল সরবরাহের খবরে কমল জ্বালানি তেলের দাম

সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দেওয়ার খবরে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কিছুটা কমেছে। এর প্রভাবে আজ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে বলে জানিয়েছে রয়টার্স।

ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৯২ ডলার বা ২ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমেছে ৩ দশমিক ৪০ ডলার বা ৩ দশমিক ২ শতাংশ। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ১০২ দশমিক ৪৩ ডলার।

বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, সৌদি আরব ওমানের সোহার বন্দরের কাছে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে এশিয়ার শোধনাগারগুলোর কাছে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিচ্ছে।

সম্প্রতি ড্রোন হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের ক্ষয়ক্ষতির পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই পাইপলাইন লোহিত সাগরের ইয়ানবু রপ্তানি টার্মিনালে তেল সরবরাহ করে।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, সৌদি আরব উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি করছে—এমন খবর সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন আরও খারাপ হওয়ার আশঙ্কা কমিয়ে দিচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুতও বাজারে দামের ওপর চাপ তৈরি করেছে। গত সপ্তাহে মার্কিন তেলের মজুত কমেছে ৬ লাখ ৪০ হাজার ব্যারেল। তবে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল, মজুত কমবে ১৬ লাখ ব্যারেল। একই সময়ে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন ও ডিস্টিলেটের মজুত বেড়েছে।

source: Asia Post

Back to top button