‘ব্লু ওয়েভের’ পর ট্রাম্পের দুর্নীতি তদন্ত নিয়ে উদ্বেগে মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রগুলো

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার প্রশাসন ও পরিবারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি তদন্তের প্রস্তুতি নিচ্ছে দলটি। সম্ভাব্য এই তদন্তের প্রভাব নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ তিন মিত্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কাতার।
ট্রাম্প পরিবারের সঙ্গে এসব দেশের আর্থিক লেনদেন, আবাসন ব্যবসা, বিনিয়োগ ও বিভিন্ন উপহারের বিষয় তদন্তের আওতায় আসতে পারে। বিশেষ করে কাতারের দেওয়া ৪০ কোটি ডলারের বিলাসবহুল উড়োজাহাজ নিয়ে তদন্তে বাড়তি গুরুত্ব দিতে পারেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।
শনিবার (১৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে ওয়াশিংটনের কর্মকর্তা ও উপসাগরীয় দেশগুলোর কূটনীতিকদের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে। সংবেদনশীল কূটনৈতিক বিষয় হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমটির সঙ্গে কথা বলেছেন।
মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে নির্ণায়ক জয় পাওয়ার পর ট্রাম্প প্রশাসন ও তার ঘনিষ্ঠজনদের কর্মকাণ্ড খতিয়ে দেখার অঙ্গীকার করেছে ডেমোক্র্যাটরা। তাদের বক্তব্য, অর্থের লেনদেন যেখানে গড়াবে, তদন্তও সেদিকেই এগোবে। এ পরিস্থিতিতে সৌদি আরব, ইউএই ও কাতারকে সম্ভাব্য তদন্তের বিষয়ে সতর্ক করেছেন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা।
কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য, তদন্তে সহযোগিতা না করলে ওয়াশিংটনের সঙ্গে এসব দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে— এমন বার্তাও দেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত যোগাযোগ, আর্থিক লেনদেনের নথি ও সংশ্লিষ্টদের মধ্যে আদান-প্রদান করা বার্তার মতো তথ্য উপসাগরীয় সরকারগুলো সহজে প্রকাশ করবে বলে মনে করছেন না সংশ্লিষ্ট কূটনীতিকরা। এতে নতুন ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের সঙ্গে এসব দেশের বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
কাতারের পক্ষ থেকে অবশ্য তদন্তে সহযোগিতার বিষয়ে ইতিবাচক অবস্থান জানানো হয়েছে। ওয়াশিংটনে দেশটির গণমাধ্যমবিষয়ক অ্যাটাশে আলী আল-আনসারি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের সহযোগিতা উন্মুক্ত ও স্বচ্ছ। তার ভাষায়, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মন্ত্রণালয়ে উড়োজাহাজ হস্তান্তরের বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করে অনিয়মের ইঙ্গিত দেওয়া হচ্ছে।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এ বিষয়ে মন্তব্য চেয়ে ওয়াশিংটন পোস্টের পাঠানো অনুরোধের তাৎক্ষণিক জবাব দেয়নি।
ট্রাম্প পরিবারের ব্যবসায় উপসাগরীয় বিনিয়োগ
সম্ভাব্য তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হতে পারে ট্রাম্প পরিবারের সঙ্গে ইউএইর আর্থিক সম্পর্ক। ট্রাম্পের তিন ছেলে এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফের ছেলে জ্যাক উইটকফ প্রতিষ্ঠিত ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালে আমিরাতের একটি প্রতিষ্ঠানের ৫০ কোটি ডলারের বিনিয়োগ তদন্তকারীদের নজরে রয়েছে।
আমিরাতের রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান ওই বিনিয়োগ করেছিল। এর কয়েক মাস আগে উন্নত প্রযুক্তির মার্কিন মাইক্রোচিপ ব্যবহারের সুযোগ পেয়েছিল ইউএই। বিনিয়োগের সঙ্গে মার্কিন প্রযুক্তি পাওয়ার কোনো যোগসূত্র ছিল কি না, তা খতিয়ে দেখতে পারেন ডেমোক্র্যাটরা।
সে সময় ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন এক বিবৃতিতে বলেছিলেন, ‘এটি সোজা কথায় দুর্নীতি।’
সৌদি আরবের সঙ্গেও ট্রাম্প পরিবারের বড় অঙ্কের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ২০২১ সালে দেশটির সার্বভৌম সম্পদ তহবিল ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার প্রতিষ্ঠিত বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্সে ২০০ কোটি ডলার বিনিয়োগ করে। কুশনার প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌদি আরবে তার পরিবারের আবাসন ব্যবসাও বিস্তৃত হয়েছে। ২০২৪ সালে জেদ্দায় ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হয়। চলতি বছর একই শহরে এক বিলিয়ন ডলারের ট্রাম্প প্লাজার ঘোষণা আসে। এ ছাড়া ২০২৪ সালে রিয়াদে দুটি বিলাসবহুল আবাসন প্রকল্পের কথাও জানায় ট্রাম্প পরিবার।
সৌদি আরবের সঙ্গে ট্রাম্প প্রশাসনের করা বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিও তদন্তের আওতায় আসতে পারে। গত জুলাইয়ে স্বাক্ষরিত ওই চুক্তির আওতায় মার্কিন প্রযুক্তি ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সুযোগ পায় রিয়াদ। দীর্ঘদিন ধরে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার চেষ্টা করছে সৌদি আরব। চুক্তিটি দেশটিকে পারমাণবিক জ্বালানি সমৃদ্ধ করার পথও তৈরি করে দেয়।
তবে মার্কিন কংগ্রেসের তীব্র বিরোধিতার মুখে পরে অবস্থান কিছুটা পরিবর্তন করেন ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার শর্তের সঙ্গে চুক্তিটিকে যুক্ত করেন তিনি। এ নিয়েও আইনপ্রণেতারা প্রশ্ন তুলতে পারেন।
তদন্তের আরেকটি বড় বিষয় কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজ। ট্রাম্প প্রশাসন প্রথমে বোয়িং ৭৪৭-৮ মডেলের উড়োজাহাজটি কেনার বিষয়ে আগ্রহ দেখালেও পরে কাতার সেটি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় ডেমোক্র্যাট আইনপ্রণেতারা লেনদেনটিকে ঘুস হিসেবে আখ্যা দেন। পাশাপাশি দোহার কাছে ১৯০ কোটি ডলারের অস্ত্র বিক্রি আটকে দিতে আইন প্রণয়নের উদ্যোগ নেন তারা।
কাতারের গণমাধ্যমবিষয়ক অ্যাটাশে আল-আনসারি বলেন, একটি সমঝোতা স্মারকের মাধ্যমে উড়োজাহাজ হস্তান্তরের বিষয়টি আনুষ্ঠানিক করা হয়েছে এবং এর আইনি ভিত্তি আগেই স্পষ্ট করা হয়েছে।
তদন্তে কংগ্রেসের ক্ষমতা
গত অক্টোবরে পারস্য উপসাগরীয় অঞ্চল সফর করেছিলেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি। সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে দুর্নীতির বিষয়ে উদ্বেগ জানান তিনি।
ওয়াশিংটনে ফিরে এক অনুষ্ঠানে মারফি বলেন, সৌদি আরব ও কাতারকে কঠোর বার্তা দেওয়ার প্রয়োজন ছিল। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এসব দেশের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ট্রাম্প পরিবারের সঙ্গে আর্থিক সম্পর্ক আরও বাড়ালে তা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলবে।
কংগ্রেসের ডেমোক্র্যাট কর্মকর্তাদের ভাষ্য, বিদেশি সরকারের বিরুদ্ধে সরাসরি সমন জারি করার ক্ষমতা মার্কিন কংগ্রেসের নেই। তবে অস্ত্র বিক্রি, নিরাপত্তা সহযোগিতা ও সামরিক সহায়তার মতো বিষয়ে কংগ্রেসের তদারকি ও প্রভাব রয়েছে। তদন্তের ফল অনুযায়ী এসব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হতে পারে।
পরিকল্পিত তদন্ত সম্পর্কে অবগত ডেমোক্র্যাটদের দুই কংগ্রেসনাল সহকারী বলেন, কোনো দেশ মার্কিন রাজনৈতিক ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করার সঙ্গে জড়িত বলে মনে হলে সেই দেশের সঙ্গে পূর্ণ সহযোগিতার বিষয়ে আইনপ্রণেতারা আগের মতো আগ্রহী থাকবেন না। তাদের মতে, তদন্তের কারণে অস্ত্র বিক্রি ও নিরাপত্তা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও জটিলতা তৈরি হতে পারে।
সরকারি স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে কাজ করা ওয়াশিংটনভিত্তিক সংগঠন সিটিজেনস ফর রেসপনসিবিলিটি অ্যান্ড এথিকস ইন ওয়াশিংটনের (সিআরইডব্লিউ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ডোনাল্ড শেরম্যান বলেন, বিনিয়োগ ও উপহারের পেছনের কৌশল এবং উদ্দেশ্য বুঝতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে চাইবেন কংগ্রেসের তদন্তকারীরা।
শেরম্যানের মতে, উপসাগরীয় কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সদস্য ও ট্রাম্প পরিবারের ব্যক্তিদের যোগাযোগের নথি খুঁজবেন তদন্তকারীরা। এসব বিনিয়োগ ও উপহারের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের কোনো যোগসূত্র ছিল কি না, তা বের করাই হবে অন্যতম লক্ষ্য।
শেরম্যান বলেন, অর্থ যে প্রভাব বিস্তার করে, তা মার্কিন জনগণ বোঝেন। কিন্তু সেই অর্থ কীভাবে প্রভাব বিস্তার করে, সেটি নথিপত্রের মাধ্যমে দেখানো সম্পূর্ণ ভিন্ন বিষয়। কোনো কিছু অনুমান করা এক কথা, আর তার প্রমাণ পাওয়া আরেক কথা।
তবে উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তারা এ ধরনের তথ্য প্রকাশে রাজি হবেন না বলে মনে করছেন ওই অঞ্চলে কর্মরত কূটনীতিকরা। একজন কূটনীতিকের মতে, মার্কিন আইনপ্রণেতারা যেসব তথ্য চাইছেন, সেগুলো প্রকাশ করা সংশ্লিষ্ট দেশগুলোর জন্য রাজনৈতিকভাবে বিব্রতকর হবে। একই সঙ্গে এতে কংগ্রেসের শাস্তিমূলক পদক্ষেপের ঝুঁকিও তৈরি হবে।
পুরোনো বিরোধও বাড়াতে পারে চাপ
ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে জাতীয় নিরাপত্তা পরিষদে আরব উপদ্বীপবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা অ্যালিসন মাইনর মনে করেন, সম্ভাব্য তদন্তের কারণে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে আগে থেকেই থাকা টানাপোড়েন আরও বাড়তে পারে।
মাইনরের ভাষায়, ডেমোক্র্যাটদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। কারণ, দুর্নীতির অভিযোগ ছাড়াও সুদান ও ইয়েমেনের মতো ইস্যুতে ডেমোক্র্যাটদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে।
সুদানের গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী আধাসামরিক বাহিনীকে সংযুক্ত আরব আমিরাতের সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযান এবং এতে বেসামরিক নাগরিকদের ব্যাপক প্রাণহানির অভিযোগ নিয়েও ডেমোক্র্যাটদের উদ্বেগ রয়েছে।
মাইনরের মতে, এসব বিষয়ে ডেমোক্র্যাটদের দীর্ঘদিনের অসন্তোষ ও কঠোর অবস্থান রয়েছে। ফলে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক লেনদেন নিয়ে নতুন তদন্ত শুরু হলে তা শুধু দুর্নীতির প্রশ্নেই সীমাবদ্ধ থাকবে না; মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক নীতিতেও এর প্রভাব পড়তে পারে।
ওয়াশিংটন পোস্ট লিখেছে, এমন এক সময়ে এই টানাপোড়েনের আশঙ্কা তৈরি হয়েছে, যখন মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের নবম মাস চলছে এবং যুদ্ধের অবসানের কোনো স্পষ্ট পথ দেখা যাচ্ছে না। কয়েক মাস ধরে ইরানের ভয়াবহ হামলার মুখে ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোও চাপের মধ্যে রয়েছে। পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি নতুন করে পর্যালোচনা করছে পেন্টাগন।
উপসাগরীয় দেশগুলো বরাবরই ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাদের ব্যবসায়িক ও আর্থিক সম্পর্ককে বৈধ ও স্বচ্ছ বলে দাবি করে আসছে। ট্রাম্প প্রশাসনের কাছ থেকে বিশেষ সুবিধা পাওয়ার উদ্দেশ্যে এসব বিনিয়োগ বা উপহার দেওয়া হয়েছে— এমন অভিযোগও তারা প্রত্যাখ্যান করেছে। তবে কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এসব লেনদেনের রাজনৈতিক ও কূটনৈতিক মূল্য নতুন করে আলোচনায় আসতে যাচ্ছে।
source: Rajneete







