গ্রাম বাংলাচট্টগ্রাম
ট্রেন্ডিং

বাংলাদেশি ৭৮ নাবিককে আটক করল ভারত

বাংলাদেশি ৭৮ নাবিকসহ আটক ২টি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে সংস্থাটির অফিশিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডলে এ সংক্রান্ত তিনটি ছবি প্রকাশ করা হয়।

ফেসবুকে ‘ইন্ডিয়ান কোস্টগার্ড’ পেজে দেওয়া পোস্টে দাবি করা হয়, ‘ভারতীয় সমুদ্রসীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে ট্রলার ২টিসহ ৭৮ নাবিককে আটক করা হয়। নাবিকসহ ট্রলার দুটি প্যারা দ্বীপের কাছে নেওয়া হয়েছে।’

তবে ট্রলার সংশ্লিষ্টরা জানিয়েছেন, ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্রসীমার এক নটিক্যাল মাইল ভেতরে মাছ ধরা অবস্থায় ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা আটক করে নিয়ে গেছে।

ফেসবুক পোস্টে যুক্ত করা একটি ছবিতে দেখা যায়, আটক ট্রলারের নাবিকেরা নৌযানে হাঁটু গেড়ে হাত মাথার পেছনে আছেন। তাদের পেছনে দাঁড়িয়ে ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা দাঁড়িয়ে আছেন। আরেকটি ছবিতে সাগরে বাংলাদেশের দুটি ট্রলার চলতে। তৃতীয় ছবিতে ট্রলার দুটিকে জেটিতে আনার দৃশ্য দেখা যায়।

আটক নৌযান এফভি লায়লা-২ এস আর ফিশিংয়ের এবং এফবি মেঘনা-৫ সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।

সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন জানান, ট্রলার দুটি সোমবার বাংলাদেশের সমুদ্রসীমার এক নটিক্যাল মাইল ভেতরে মাছ ধরছিল। তখন ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা গিয়ে ট্রলার দুটি আটক করে নিয়ে যায়।

ভারতীয় কোস্টগার্ড ট্রলার দুটি ও নাবিকদের বিষয়টি জানানোয় আইনি প্রক্রিয়ায় উদ্ধারের জন্য সরকারের সংশ্লিষ্ট পক্ষকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

Back to top button