News

দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, গ্রেপ্তার ৫

রাজধানীর সূত্রাপুরে একটি মোটর পার্টসের দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় দুটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড ১২-বোর তাজা কার্তুজ এবং অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি মিতসুবিশি পাজেরো জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ব্যারিস্টার মো. জাকি উল্ল্যাহ বাহার (৫৮), মো. আনোয়ারুল হক (৬২), জাকির হোসেন লিটন (৪৮), হিরু বড়ুয়া ওরফে বাবু (৩৬) এবং সরদার সাইদুর রহমান তুহিন (৪৭)।

পুলিশ জানায়, বুধবার বিকেলে তুরাগ থানার দিয়াবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল একটি মামলার আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে সূত্রাপুর থানার ভিক্টোরিয়া পার্কসংলগ্ন নাজিম উদ্দিন বারো ভূঁইয়া মার্কেটে অভিযান চালায়। অভিযানে সূত্রাপুর থানার টহল পুলিশও অংশ নেয়।

আরো পড়ুন

অভিযান শেষে পুলিশ সদস্যরা ‘ভূঁইয়া মোটরস’ নামের একটি দোকান থেকে বের হওয়ার সময় মুখোশধারী দুই ব্যক্তি দুটি কার্টন দোকানের ভেতরে রেখে দ্রুত পালিয়ে যায়। দোকানের কর্মচারীদের তথ্যের ভিত্তিতে কার্টন দুটি তল্লাশি করে দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড ১২-বোর তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজ ও প্রাথমিক তদন্তে দেখা যায়, মুখোশধারী ব্যক্তিরা মার্কেটের ‘টয়োটা প্লাস’ নামের আরেকটি দোকান থেকে কার্টন দুটি সংগ্রহ করে ‘ভূঁইয়া মোটরস’-এ রেখে যায়। ওই অস্ত্রভর্তি কার্টন একটি সাদা রঙের মিতসুবিশি পাজেরো গাড়িতে করে আনা হয়েছিল বলেও পুলিশের দাবি।

ডিএমপি জানায়, পরবর্তী অভিযানে বুধবার রাতেই এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ দাবি করেছে, মার্কেটের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানো এবং পুলিশি হয়রানির মুখে ফেলতেই এ পরিকল্পনা করা হয়েছিল। তবে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে সেই পরিকল্পনা ভেস্তে যায়।

এ ঘটনায় সূত্রাপুর থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

source: Asia Post

Back to top button