টেকনাফে ২৩২ রাউন্ড গুলিসহ দুই বিদেশি অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও ২৩২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (১৯ আগস্ট) ভোরে নাফ নদীতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পেরে বুধবার বিকেলে এসব তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, আমাদের কাছে তথ্য ছিল, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী দিয়ে বাংলাদেশের ভেতরে একটি রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তরের চেষ্টা করবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত নাফ নদীতে বিশেষ অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা। অভিযানের সময় সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে বোটটি দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে যায়। পরে চক্রের সদস্যরা বোটটি ফেলে পালিয়ে যায়।
তিনি জানান, এরপর বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি রাইফেল (ম্যাগাজিনসহ) এবং একটি ৯ মিলিমিটার বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ) উদ্ধার করা হয়। এ ছাড়া ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা পিস্তলের গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা বোটের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। জড়িত ব্যক্তিদের আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার বৃদ্ধি করা হয়েছে।
source: Asia Post







