কলকাতায় দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত ফেরানোর উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের কলকাতায় এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নিয়মিতভাবে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি ইতোমধ্যে দুর্ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। শনাক্তকরণ প্রক্রিয়া এবং আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়া মাত্রই মরদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশন। মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচ নিয়ে প্রতিমন্ত্রী জানান, সাধারণত এ ধরনের ঘটনায় পরিবারের পক্ষ থেকেই খরচ বহন করা হয়। তবে কোনো পরিবার যদি এই ব্যয়ভার বহন করতে অক্ষম হয়, তবে সরকার মানবিক বিবেচনায় তা দেখবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
বর্তমানে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়াটি ত্বরান্বিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
source: Asia Post






