ভাতা-খাবার সুবিধাসহ বিনামূল্যে ফ্রিল্যান্সিং শেখার বড় সুযোগ

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রতিষ্ঠান। ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদেরকে প্রতিদিন ২০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
সারাদেশ থেকে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও নারীরা এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আইসিটি বা কম্পিউটারের ওপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামীকাল সোমবার (১৫ জুন) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে। বৈধ আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। এসএমএস নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই সঙ্গে বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদফতর এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানায়, ‘৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, খাজা আইটি পার্ক, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২০৭ কর্তৃক পরিচালিত (১ জুলাই ২০২৬ হতে ৩০ সেপ্টেম্বর ২০২৬) পর্যন্ত ৩ মাস (দৈনিক ৮ ঘণ্টা) মেয়াদি ৬০০ ঘণ্টাব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তিতে দেশের ১৮ হতে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারী অনলাইনে আবেদন করতে পারবেন।
বৈধ আবেদনকারীদের আগামী ২০-৬-২০২৬ (শনিবার) তারিখে লিখিত পরীক্ষা এবং ২১-০৬-২০২৬ (রোববার) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএস–এর মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ২৪-৬-২০২৬ তারিখে প্রকাশ করা হবে এবং এসএমএস–এর মাধ্যমে জানানো হবে।
এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফি প্রয়োজন হবে না। প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০/- টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে।
source: Asia Post







