News

পোশাক শিল্পে পরিবেশগত অনুবর্তিতা নিশ্চিতে প্রযুক্তি ও বাস্তবতার সমন্বয় জরুরি: পরিবেশমন্ত্রী

তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পখাতের পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে শিল্পের বাস্তবতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজার বিবেচনায় নিয়ে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার (১১ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় মন্ত্রী এসব বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় পোশাক শিল্পের পরিবেশগত ব্যবস্থাপনার বিভিন্ন কারিগরি দিক যেমন— ইটিপি (ETP) থেকে নির্গত পানির কালার প্যারামিটার, জিরো লিকুইড ডিসচার্জ (ZLD) বাস্তবায়ন, পানির পুনর্ব্যবহার (৩আর পলিসি), এবং স্লাজ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান সভায় শিল্পখাতের বিদ্যমান কারিগরি ও বাস্তব চ্যালেঞ্জগুলো লিখিত আকারে তুলে ধরেন।

দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি আয়ে তৈরি পোশাক খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষার লক্ষ্য অক্ষুণ্ণ রেখে শিল্পের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে যৌক্তিক ও বিজ্ঞানভিত্তিক সমাধানের পথ খুঁজে বের করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষার সঙ্গে শিল্পের টেকসই উন্নয়নের সমন্বয় জরুরি। তিনি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পানি ও প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করে দূষণ নিয়ন্ত্রণে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

source: Asia Post

Back to top button