News

আইসিটি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী এস্তোনিয়া

বাংলাদেশের আইসিটি (তথ্যপ্রযুক্তি) খাত, বিশেষ করে ই-গভর্নেন্স, আন্তঃকার্যক্ষমতা, ই-আইডি ব্যবস্থা, নিরাপদ তথ্য বিনিময়ে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে এস্তোনিয়া। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দেশ ‍দুটি।

এস্তোনিয়ার রাজধানী তালিনে সোমবার (১০ আগস্ট) দুই দেশের দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দ্বিপক্ষীয় (পূর্ব ও পশ্চিম) সম্পর্কবিষয়ক সচিব রাষ্ট্রদূত ড. এম নজরুল ইসলাম। এস্তোনিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক প্রধান মাতি মুর্দ।

বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতার নানা সম্ভাবনা চিহ্নিত করা হয়। একই সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পারস্পরিক সফরের আয়োজন এবং সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ বাড়াতে দুই পক্ষ একমত হয়। বাংলাদেশ তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য এবং ওষুধশিল্পসহ গুরুত্বপূর্ণ উৎপাদন খাতে তার বৈশ্বিক সক্ষমতা তুলে ধরে।

আরো পড়ুন

এস্তোনিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আহ্বান জানানো হয়। পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, দুই দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) এবং এস্তোনিয়ার বেসরকারি খাতের একটি অনুসন্ধানী প্রতিনিধিদল বাংলাদেশ সফরের প্রস্তাব দেওয়া হয়।

দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ আইটি পেশাজীবী, প্রকৌশলী, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ও স্বাস্থ্যকর্মীসহ দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান সক্ষমতার কথা তুলে ধরে। ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ কর্মসূচির আওতায় তথ্যপ্রযুক্তি, কেয়ারগিভিং, নির্মাণ, আতিথেয়তা ও পর্যটন, কৃষি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বাংলাদেশ থেকে এস্তোনিয়ায় দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে আশাবাদ প্রকাশ করেছে এস্তোনিয়া।

তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল খাতেও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয় দুই দেশ। বিশেষ করে ডিজিটাল গভর্ন্যান্স, আন্তঃকার্যক্ষমতা, ই-আইডি ব্যবস্থা, নিরাপদ তথ্য বিনিময়, উদ্ভাবন ও ব্যবসায়িক অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে ই-গভর্ন্যান্স খাতে সহযোগিতা দিতে প্রস্তুতির কথা জানিয়েছে এস্তোনিয়া। দেশটির ডিজিটাল খাতের বেশ কয়েকটি কোম্পানি ও বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানানো হয়।

শিক্ষা, ক্রীড়া, বৃত্তি, গবেষণা, শিক্ষার্থী ও যুবকদের বিনিময়, পর্যটন এবং সাংস্কৃতিক দল আদান-প্রদানসহ জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সংস্কৃতি, পর্যটন, দ্বৈত কর পরিহার, বিনিয়োগের প্রসার ও সুরক্ষা এবং শিল্প খাতে সহযোগিতাসহ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি দ্রুত সম্পন্ন করার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানায় এস্তোনিয়া। তার মেয়াদে পূর্ণ সমর্থনের আশ্বাস দেওয়ার পাশাপাশি জাতিসংঘ সনদ সমুন্নত থাকবে বলে আশা প্রকাশ করে দেশটি।

বাংলাদেশের প্রতিনিধিদল জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সমতা ও পারস্পরিক সম্মানের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরে। দুই দেশ আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সমন্বয় আরও জোরদার এবং বিভিন্ন আন্তর্জাতিক নির্বাচনে একে অপরের প্রার্থিতাকে সমর্থন করার বিষয়ে একমত হয়।

ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়েছে এস্তোনিয়া। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। রোহিঙ্গা প্রত্যাবাসনসংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছে এস্তোনিয়া।

এদিকে বাংলাদেশের প্রতিনিধিদল এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাটো ও ট্রান্সঅ্যাটলান্টিক সম্পর্কবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি কারিন মান্দির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করে।

দুই দেশের প্রতিনিধিদল মনে করে, এবারের দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও যোগাযোগ আরও জোরদারে ভূমিকা রাখবে। পরবর্তী অর্থাৎ তৃতীয় দফার ফরেন অফিস কনসালটেশন পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

source: Asia Post

Back to top button