News

শিক্ষা ক্যাডারদের সংশোধিত নীতিমালা প্রকাশ

বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি পদায়ন নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবার তৃতীয় দফায় এই নীতিমালা প্রকাশ করা হলো।

নীতিমালাটি রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইট প্রকাশ করা হয়।

গত ২৭ জুলাই বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি/পদায়ন নীতিমালা, ২০২৬ প্রকাশের পর এটি সংশোধন করে গত ২১ সেপ্টেম্বরে প্রকাশ করা হয়েছিল। সংশোধিত নীতিমালাতে এবার ফের সংশোধন আনা হয়েছে।

নীতিমালার তথ্যমতে, বদলি বা পদায়নের আবেদন যথাযথ কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হবে। আবেদনের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজ-পত্রাদি দাখিল করতে হবে; নবনিয়োগপ্রাপ্ত প্রভাষকরা চাকরি দুই বছর পূর্ণ হওয়ার আগে বদলির জন্য আবেদন করতে পারবেন না। অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা একই কর্মস্থলে দুই বছর পূর্ণ হওয়ার আগে অন্যত্র বদলির জন্য আবেদন করতে পারবেন না। তবে কোনো গুরুতর শারীরিক, মানসিক বা পারিবারিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে দুই বছর পূর্ণ হওয়ার পূর্বে আবেদন করা যাবে। যৌক্তিকতা সাপেক্ষে আবেদন বিবেচনার এখতিয়ার সরকারের থাকবে।

আরো পড়ুন

নীতিমালায় বলা হয়েছে, স্বামী-স্ত্রী উভয়ে চাকরিজীবী হলে স্বামী বা স্ত্রীর কর্মস্থলে বা নিকটতম শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি বা পদায়নের জন্য আবেদন করা যাবে। সরকার এই বিষয় বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবে; অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার এক বছর পূর্বে কোনো কর্মকর্তা বা শিক্ষক তার সুবিধামতো স্থানে বদলির জন্য আবেদন করলে পদ শূন্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে উক্ত আবেদন বিবেচনা করা হবে।

এছাড়া অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন দাখিল করলে এবং পিডিএস হালনাগাদ না থাকলে বদলির আবেদন বিবেচনা করা হবে না; বদলির আবেদন মূল্যায়ণে আবেদনকারীর ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা, পেশাগত সমস্যা, আবেদনকারী বা তার পরিবারের সদস্যদের দূরারোগ্য অসুস্থতা, নিজ জেলা হতে কর্মস্থলের দূরত্ব ইত্যাদি বিষয়সমূহ বিবেচনা করা হবে।

source: Asia Post

Back to top button